আনন্দ বিনোদন ডেস্ক: রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন এ সিনেমার নাম, গল্প ও নির্মাণ উদ্যোগের প্রশংসা করেন চিত্রনায়ক অনন্ত জলিল।
শনিবার (১ আগস্ট) আয়োজিত মহরত অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, “আগে আমরা গুলশানের অনেক ভিডিও দেখতাম। এবার সেই গুলশানের নামে সিনেমা হচ্ছে। ‘গুলশানের চামেলী’ নামটি অনেক সুন্দর। আমার বিশ্বাস, শুধু নামের কারণেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আলাদা আগ্রহ তৈরি হবে।”
তিনি আরও বলেন, “এমন একটি ব্যতিক্রমী নাম ও গল্পের জন্য আমি স্ক্রিপ্ট রাইটারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই গল্প নিয়ে কাজ শুরু করার জন্য পরিচালককেও অভিনন্দন।”
নির্মাতা মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমাটি নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রাম, সমাজের বৈষম্য এবং ক্ষমতার নির্মম বাস্তবতাকে কেন্দ্র করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের একঝাঁক জনপ্রিয় শিল্পী এতে অভিনয় করবেন।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন আজমেরী হক বাঁধন। ইতোমধ্যে চলচ্চিত্রটির শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা।
মহরত অনুষ্ঠানে সিনেমাটির কলাকুশলী, শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘গুলশানের চামেলী’-এর যাত্রা। নির্মাতারা আশা করছেন, ব্যতিক্রমী গল্প ও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।
আপনার মতামত লিখুন :