আনন্দ বিনোদন ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার পর এবার ইউরোপের সর্বোচ্চ চূড়া মাউন্ট এলব্রুস অভিযানে যাচ্ছেন বাংলাদেশের এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। ‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান’ নামে আয়োজিত এই অভিযানের মাধ্যমে রাশিয়ার এলব্রুস চূড়ায় বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ানোর লক্ষ্য নিয়েছেন তিনি।
এ উপলক্ষে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান হাউজে সংবাদ সম্মেলন ও পতাকা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাকিলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। সেখানে নিজের আসন্ন অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন এই পর্বতারোহী।
অভিযান প্রসঙ্গে শাকিল বলেন, প্রতিটি পর্বতারোহণই তাঁর জন্য নতুন চ্যালেঞ্জ। এলব্রুসের উচ্চতা নিয়ে খুব বেশি চিন্তিত না হলেও পর্বতটির প্রকৃতি ও আবহাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। সব ধরনের ঝুঁকি মোকাবিলা করে চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও জানান তিনি। এ জন্য সবার দোয়া চেয়েছেন এই অভিযাত্রী।
পরিকল্পনা অনুযায়ী আগামী আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশে যাত্রা করবেন ইকরামুল হাসান শাকিল। প্রায় ১৫ দিনব্যাপী এই অভিযানে মাউন্ট এলব্রুসের চূড়ায় আরোহণের চেষ্টা করবেন তিনি।
শুধু একটি পর্বত জয় নয়, এই অভিযানের সঙ্গে বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তাও যুক্ত রয়েছে। আয়োজকদের মতে, পর্বতারোহণ, সাহস, অনুসন্ধান ও অভিযাত্রার অভিন্ন চেতনার মধ্য দিয়ে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতির সম্পর্ক আরও দৃঢ় করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
রাশিয়ান হাউজের পরিচালক অ্যালেক্সান্দ্রা খ্লেভনয় বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ভৌগোলিক দূরত্ব থাকলেও বন্ধুত্ব ও সম্প্রীতির জায়গা থেকে দুই দেশ পরস্পরের খুব কাছের। শাকিল বাংলাদেশের পতাকা নিয়ে রাশিয়ায় যাচ্ছেন এটি দুই দেশের বন্ধুত্বের একটি প্রতীকী বার্তা বলেও উল্লেখ করেন তিনি। সফল অভিযান শেষে শাকিল যেন সুস্থভাবে দেশে ফিরতে পারেন, সেই প্রত্যাশাও জানান তিনি।
ককেশাস পর্বতমালায় অবস্থিত মাউন্ট এলব্রুসের উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার বা ১৮ হাজার ৫১০ ফুট। এটি রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত এবং বিশ্বের বিখ্যাত ‘সেভেন সামিটস’-এর একটি। এলব্রুস একটি সুপ্ত আগ্নেয়গিরি এবং ইউরেশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি হিসেবেও পরিচিত।
এভারেস্টজয়ী শাকিলের জন্য এলব্রুস অভিযান তাই আরেকটি গুরুত্বপূর্ণ উচ্চতাভিত্তিক চ্যালেঞ্জ। চূড়ায় পৌঁছাতে পারলে বাংলাদেশের জাতীয় পতাকা আরও একটি বিখ্যাত আন্তর্জাতিক পর্বতশৃঙ্গে উড়বে।
‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান’ যৌথভাবে আয়োজন করছে রাশিয়ান হাউজ ইন ঢাকা এবং বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (BMTC)। অভিযানের পৃষ্ঠপোষকতায় রয়েছে টার্কিশ এয়ারলাইনস ও জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন।
সংবাদ সম্মেলনে রাশিয়ান হাউজের পরিচালক অ্যালেক্সান্দ্রা খ্লেভনয়, কিডলন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম, টার্কিশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার ইসলাম গোরে, আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সীমান্ত দীপুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এভারেস্টজয়ী পর্বতারোহী নুরুননাহার নিম্মি।
এভারেস্ট জয়ের পর নতুন এই অভিযানে শাকিলের লক্ষ্য শুধু আরেকটি উচ্চতম শৃঙ্গে পা রাখা নয়; বরং বাংলাদেশের পতাকাকে আরও একটি আন্তর্জাতিক পর্বতশৃঙ্গে তুলে ধরা। এখন অপেক্ষা ১৯ সেপ্টেম্বরের যেদিন নতুন স্বপ্ন নিয়ে রাশিয়ার উদ্দেশে যাত্রা করবেন এই বাংলাদেশি পর্বতারোহী।
আপনার মতামত লিখুন :