আনন্দ বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বরেণ্য চিত্রনায়িকা রোজিনা। রাজধানীর উত্তরায় নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন এবং এফডিসির বর্তমান পরিবেশ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
রোজিনার অভিযোগ, এবারের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল না। ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের প্রক্রিয়াতেও তিনি নানা অসংগতি লক্ষ্য করেছেন বলে দাবি করেন।
এফডিসির বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে রোজিনা বলেন, “এফডিসি এখন আর আগের মতো নেই। এখানে সম্মান, মূল্যবোধ—সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন আমি শিল্পী সমিতিতে যাব কি না জানি না। তবে মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে নেওয়া না হয়।”
তিনি জানান, এটি তাৎক্ষণিক আবেগের বহিঃপ্রকাশ নয়; বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত কষ্ট থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, বর্তমান সময়ে শিল্পীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মানসিকতা অনেকটাই হারিয়ে গেছে।
নায়করাজ রাজ্জাকের প্রসঙ্গ টেনে রোজিনা বলেন, তিনিও একসময় অভিমানে বলেছিলেন, মৃত্যুর পর যেন তার মরদেহ এফডিসিতে না নেওয়া হয়। সেই অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা বিবেচনায় তিনি অনেক আগেই পরিবারের সদস্যদের একই নির্দেশনা দিয়ে রেখেছেন।
নির্বাচনে নিজের পরাজয় প্রসঙ্গে রোজিনা বলেন, “আমাকে চক্রান্ত করে হারানো হয়েছে—এ কথা বলছি না। তবে এ সিদ্ধান্ত আমি অনেক আগেই নিয়ে রেখেছিলাম এবং বিষয়টি পরিবারকেও জানিয়েছি।”
তিনি আরও জানান, শিল্পী সমিতিকে ঘিরে তার তিক্ততা থাকলেও সরকারি অনুষ্ঠান কিংবা প্রযোজক সমিতির সদস্য হিসেবে প্রয়োজন হলে এফডিসিতে যেতে পারেন। তবে সাধারণ কোনো প্রয়োজনে সেখানে যাওয়ার ইচ্ছা তার আর নেই।
আপনার মতামত লিখুন :