• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশ, প্রতিনিধি বাছাইয়ে ‘ভয়েজ অব বাংলাদেশ’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

বিনোদন ডেস্ক:  আন্তর্জাতিক সংগীত অঙ্গনে নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ অংশ নিতে যাচ্ছে দেশ। এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিকে বাছাই করতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ আয়োজন করেছে ‘ভয়েজ অব বাংলাদেশ’ শীর্ষক সংগীত প্রতিযোগিতা।

এ আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে বিচারকের আসনে থাকছেন দেশের পাঁচ খ্যাতিমান সংগীত ব্যক্তিত্ব—ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর। পুরো আয়োজন সঞ্চালনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও উপস্থাপক তাহসান খান।

গত মে ও জুন মাসে আবেদন গ্রহণের পর প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত ১২ জন প্রতিযোগীকে নিয়ে চলছে নিবিড় গ্রুমিং ও প্রশিক্ষণ কার্যক্রম। আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল, যেখানে নির্বাচিত হবেন বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি।

নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এশিয়ার প্রথম এই আন্তর্জাতিক সংগীত আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস। আয়োজকদের তথ্য অনুযায়ী, এশিয়ান সংস্করণের বিজয়ীরা ভবিষ্যতে ইউরোপের মূল ইউরোভিশন সং কনটেস্ট-এ অংশ নেওয়ার সুযোগও পেতে পারেন।

প্রতিযোগিতা উপলক্ষে আগামী ২২ জুলাই রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে সঞ্চালক তাহসান খান এবং পাঁচ বিচারককে।

আয়োজকরা জানিয়েছেন, ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর পর্বগুলো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং এনটিভি-তে সম্প্রচার করা হবে। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ দেশের সংগীতশিল্পীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।