আনন্দ বিনোদন ডেস্ক: টার্মিনেটর’ খ্যাত হলিউড কিংবদন্তি আর্নল্ড শোয়ার্জনেগার শুধু অভিনয়ের জন্যই নন, শরীরচর্চা ও রাজনীতিতেও সমানভাবে সফল একজন ব্যক্তিত্ব। অস্ট্রিয়ায় জন্ম নেওয়া এই তারকা মাত্র ২০ বছর বয়সে ‘মি. ইউনিভার্স’ খেতাব অর্জন করেন। পরে রেকর্ড সাতবার ‘মি. অলিম্পিয়া’ হয়ে বডিবিল্ডিং জগতে নিজের অনন্য অবস্থান গড়ে তোলেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন।
সম্প্রতি ৭৯তম জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন আর্নল্ড। নিজের জন্য কোনো উপহার না চেয়ে বরং সবাইকে সারা বছর নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দিয়েছেন তিনি।
নিজের জনপ্রিয় ফিটনেস অ্যাপ ‘পাম্প ক্লাব’–এর মাধ্যমে বিশেষ একটি কর্মসূচি চালু করেছেন এই অ্যাকশন সুপারস্টার। কর্মসূচির আওতায় যেসব ব্যবহারকারী সারা বছর নির্ধারিত চারটি ওয়ার্কআউট পর্ব সফলভাবে সম্পন্ন করবেন, তারা জমা দেওয়া ১০০ ডলারের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। অর্থাৎ নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারলে কার্যত বিনামূল্যেই ফিটনেস প্রশিক্ষণের সুযোগ মিলবে।
অর্ধশতাব্দীরও বেশি সময়ের ফিটনেস অভিজ্ঞতা থেকে আর্নল্ডের বিশ্বাস, সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের মূল চাবিকাঠি হলো নিয়মিত শরীরচর্চা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি নিজের ব্যায়ামের ধরনেও বড় পরিবর্তন এনেছেন।
একসময় ভারী ডাম্বেল ও বারবেল নিয়ে অনুশীলন করলেও এখন তিনি জয়েন্টের সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি সুস্থতার কথা বিবেচনা করে জিমের বিভিন্ন মেশিনে ব্যায়াম করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রতিদিন সকালে প্রায় এক ঘণ্টা সাইকেল চালানোর পর তিনি হালকা ও নিয়ন্ত্রিত ব্যায়াম করেন, যাতে পেশিতে রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীরে অপ্রয়োজনীয় চাপ না পড়ে।
আর্নল্ডের মতে, “শরীরকে বুদ্ধিমত্তার সঙ্গে সচল রাখতে হবে, ক্ষয় করার জন্য নয়।” এই নীতিই তিনি সপ্তাহে ছয় দিন অনুসরণ করেন এবং ভক্তদেরও একই অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
বয়সকে হার মানিয়ে এখনো সুস্থ, কর্মক্ষম ও প্রাণবন্ত জীবনযাপনের মাধ্যমে আর্নল্ড শোয়ার্জনেগার প্রমাণ করে চলেছেন—নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনই দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্যের সবচেয়ে বড় ভিত্তি।
আপনার মতামত লিখুন :