• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

কৃপণতার মজার কাণ্ড নিয়ে শামীম জামানের ‘কিপটে ফ্যামিলি টু’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: সংসার জীবনের নানা ঘটনা, সম্পর্কের টানাপোড়েন আর কৃপণতার মজার সব কাণ্ড নিয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কিপটে ফ্যামিলি টু’। পারিবারিক গল্পের সঙ্গে হাস্যরসের মিশেলে নির্মিত এই নাটকে অভিনয়ের পাশাপাশি দর্শকদের বিনোদন দিতে দেখা যাবে অভিনেতা শামীম জামানকে।

মাহিন খান-এর রচনা ও পরিচালনায় নির্মিত ধারাবাহিকটিতে শামীম জামানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, আখম হাসানসহ আরও অনেকে। নাটকের গল্পে দুটি পরিবারের কৃপণতাকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা মজার ও হাস্যরসাত্মক ঘটনা।

গল্পে দেখা যাবে, চিত্রলেখা গুহ ও আখম হাসানের পরিবার ভীষণ কৃপণ। একসময় তারা অন্য একটি পরিবারের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে গিয়ে নানা ধরনের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে বাড়ির সদস্যদের অতিষ্ঠ করে তোলেন। একপর্যায়ে নানা কৌশলে তাদের বাড়ি থেকে বিদায় করে দেওয়া হয়।

অন্যদিকে, শামীম জামান ও আখম হাসান খালাতো ভাই। একসময় তারা নিজেদের পরিবার নিয়ে খালার বাড়িতে বেড়াতে যান। কিন্তু সেখানে যাওয়ার পর শুরু হয় ভিন্ন ধরনের অভিজ্ঞতা। অতিথি হয়ে গেলেও তাদের জন্য ঠিকমতো খাবারদাবারের কোনো আয়োজন করা হয় না। নানা অজুহাত ও কৌশলে তাদের আপ্যায়ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বাড়ির সদস্যরা। শেষ পর্যন্ত নানা মজার ঘটনার মধ্য দিয়ে তাদেরও বাড়ি থেকে বিদায় নিতে হয়।

এভাবেই দুই পরিবারের কৃপণতা, পারিবারিক সম্পর্ক ও হাস্যরসের নানা ঘটনা নিয়ে এগিয়ে যাবে ‘কিপটে ফ্যামিলি টু’-এর গল্প। নির্মাতা মাহিন খান পারিবারিক জীবনের পরিচিত কিছু বিষয়কে হাস্যরসের মাধ্যমে নাটকটিতে তুলে ধরেছেন।

নাটকটি নিয়ে শামীম জামান বলেন, ‘কিপটে ফ্যামিলি টু’ ধারাবাহিকে অভিনয় করে খুবই মজা লাগছে। এর আগে তারা ‘হারকিপটে’ নাটকে কাজ করেছিলেন, সেটিও ভিন্ন ধরনের গল্প হওয়ায় দর্শকের কাছে জনপ্রিয় হয়েছিল। এবার মাহিন খান সংসারের কৃপণতার বিষয়গুলো চমৎকারভাবে গল্পের মধ্যে তুলে ধরেছেন বলেও জানান তিনি।

শামীম জামান আশা প্রকাশ করেন, পারিবারিক হাস্যরসের এই আয়োজন দর্শকদের ভালো লাগবে। খুব শিগগিরই ‘কিপটে ফ্যামিলি টু’ প্রচার হবে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে।