আনন্দ বিনোদন ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডিবির গুলশান বিভাগে দায়িত্ব পালনকালে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতা বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন গোলাম সাকলায়েন। এ অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাধ্যতামূলক অবসরের বিষয়ে প্রস্তুত করা সারসংক্ষেপে প্রয়োজনীয় অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২১ সালে ঢাকা বোট ক্লাবকেন্দ্রিক আলোচিত ঘটনায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত তদারকির দায়িত্বে ছিলেন গোলাম সাকলায়েন। পরবর্তীতে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে এলে তাকে ওই তদন্ত কার্যক্রম থেকে সরিয়ে নেওয়া হয় এবং বিষয়টি তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছিল।
তবে সে সময় পরীমনি প্রকাশ্যে দাবি করেছিলেন, সাকলায়েনের বিরুদ্ধে ওঠা অভিযোগের পেছনে ব্যক্তিগত আক্রশ বা অন্য কোনো কারণ থাকতে পারে। তিনি মনে করেন, একজন সফল কর্মকর্তাকে ঘিরে নানা ধরনের বিতর্ক তৈরি হওয়া অস্বাভাবিক নয় এবং তার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থাটি অন্যায্য বলেও মন্তব্য করেছিলেন।
ঘটনাটি নিয়ে দীর্ঘদিন আলোচনা-সমালোচনার পর অবশেষে সরকারি সিদ্ধান্তের মাধ্যমে গোলাম সাকলায়েনের কর্মজীবনে নতুন মোড় এলো। বিষয়টি প্রশাসনিক ও জনমহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন :