আনন্দ বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা। সম্প্রতি ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে ইবরার টিপুকে দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এরপর তার স্বাস্থ্য সম্পর্কে নানা প্রশ্নের জবাব দিতে ইবরার টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন বিন্দু কণা।
লাইভে তিনি জানান, প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। পরে তাকে একটি জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়। বর্তমানে তিনি চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন।
বিন্দু কণা বলেন, বড় ধরনের অস্ত্রোপচারের কারণে ইবরার টিপুর কথা বলতে এখনো কিছুটা অসুবিধা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন ও বার্তার মাধ্যমে তার খোঁজখবর নিয়েছেন। তবে শারীরিক অবস্থার কারণে এই মুহূর্তে সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠলে ইবরার টিপু নিজেই সবার সঙ্গে কথা বলবেন।
তিনি আরও জানান, পরিবারের সদস্যরা এতদিন বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ইবরার টিপুর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় সত্যিটা জানানো প্রয়োজন হয়ে পড়ে। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
এর আগে এক সাক্ষাৎকারেও ইবরার টিপু নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি নিচ্ছেন এবং মানসিকভাবে শক্ত থাকতে নিজেকে সংগীতচর্চায় ব্যস্ত রেখেছেন। নতুন গান তৈরির কাজই তাকে কঠিন সময় অতিক্রম করার সাহস ও প্রেরণা জুগিয়েছে বলেও জানান তিনি।
তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন ইবরার টিপু। তার সুর ও সংগীতে দেশের অসংখ্য জনপ্রিয় শিল্পী গান গেয়েছেন। বিভিন্ন রিয়েলিটি শোর শিরোনাম সংগীত নির্মাণের পাশাপাশি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের বহুল জনপ্রিয় থিম সং ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ তাকে বিশেষ পরিচিতি এনে দেয়।
বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইবরার টিপু। সফল অস্ত্রোপচার ও দীর্ঘ চিকিৎসার পর তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন বলে পরিবার জানিয়েছে।
আপনার মতামত লিখুন :