• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রশ্মিকা, পর্দায় আসছে কিংবদন্তির জীবন


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

বলিউড ডেস্ক: ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী ও ভারতরত্নপ্রাপ্ত এম এস সুব্বুলক্ষ্মীর বর্ণাঢ্য জীবন এবার উঠে আসছে বড় পর্দায়। তাঁর জীবন ও সংগীতযাত্রা নিয়ে নির্মিতব্য বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্মিকা মান্দানা। ছবিটির আনুষ্ঠানিক নাম ‘M.S – A Legacy On Screen’। পরিচালনায় রয়েছেন গৌতম তিন্নানুরি, আর সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর।

গত ১৬ সেপ্টেম্বর চেন্নাইয়ের দ্য মিউজিক একাডেমিতে এম এস সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে ছবিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা কমল হাসান। তিনি ছবিটির প্রথম শটে আনুষ্ঠানিকভাবে ক্ল্যাপও দেন। অনুষ্ঠানে সুব্বুলক্ষ্মীর পরিবারের সদস্য, কর্ণাটক সংগীতের শিল্পী এবং চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।

ছবিটি প্রযোজনা করছেন আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাস। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুব্বুলক্ষ্মীর জীবন নিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করা হয়েছে। পরিচালক গৌতম তিন্নানুরি প্রায় এক বছর ধরে তাঁর জীবন, সংগীত ও ব্যক্তিগত যাত্রার বিভিন্ন দিক নিয়ে গবেষণা করেছেন।

সুব্বুলক্ষ্মীর চরিত্রে রশ্মিকা

এমন এক কিংবদন্তি শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রশ্মিকা মান্দানা। ছবিটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, এই সুযোগ তাঁর কাছে অত্যন্ত সম্মানের। সুব্বুলক্ষ্মীর জীবনের অংশ হয়ে উঠতে পারাকে নিজের অভিনয়জীবনের বিশেষ দায়িত্ব হিসেবেও দেখছেন তিনি।

রশ্মিকা বলেন, সুব্বুলক্ষ্মীর চরিত্রটি পর্দায় তুলে ধরতে তিনি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। দর্শক যেন চরিত্রটির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা অনুভব করেন, সেই লক্ষ্যেই কাজ করবেন বলে জানান অভিনেত্রী।

সংগীতের সম্রাজ্ঞী’ সুব্বুলক্ষ্মী

ছবিটির উদ্বোধনী অনুষ্ঠানে এম এস সুব্বুলক্ষ্মীর সংগীতজীবনের প্রভাবের কথা তুলে ধরেন কমল হাসান। তাঁর ভাষায়, সুব্বুলক্ষ্মীর কণ্ঠ ভারতকে, বিশেষ করে দক্ষিণ ভারতকে, সংগীতের মাধ্যমে একসূত্রে বেঁধেছিল। সংস্কৃত, হিন্দি, তেলেগু, তামিল ও কন্নড়সহ একাধিক ভাষায় গান গেয়ে তিনি সংগীতকে আরও বিস্তৃত শ্রোতার কাছে পৌঁছে দিয়েছিলেন।

কমল হাসান আরও জানান, সুব্বুলক্ষ্মীর সংগীত তাঁর নিজের জীবনেও বড় অনুপ্রেরণার উৎস। তাঁর মতে, এমন একজন কিংবদন্তিকে পর্দায় তুলে ধরা বড় দায়িত্বের বিষয়।

এম এস সুব্বুলক্ষ্মী ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী। তিনি ১৯৯৮ সালে ভারতরত্ন লাভ করেন এবং এই সম্মান পাওয়া প্রথম সংগীতশিল্পী হিসেবে ইতিহাসে জায়গা করে নেন। ১৯৭৪ সালে তিনি র‍্যামন ম্যাগসেসে পুরস্কারও পান। ১৯৬৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সংগীত পরিবেশন করে আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ পরিচিতি অর্জন করেন।

১১ বছর বয়সে প্রথম জনসমক্ষে গান

১৯১৬ সালের ১৬ সেপ্টেম্বর মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন এম এস সুব্বুলক্ষ্মী। শৈশব থেকেই সংগীতের প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। মাত্র ১১ বছর বয়সে তিনি প্রথম জনসমক্ষে গান পরিবেশন করেন। পরে কর্ণাটক ও হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষণ নিয়ে নিজেকে ভারতীয় সংগীতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

সংগীতের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সুব্বুলক্ষ্মী। বিশেষ করে ‘মীরা’ সিনেমায় তাঁর অভিনয় ও সংগীত পরিবেশনা তাঁকে আরও বৃহত্তর দর্শকের কাছে পরিচিত করে তোলে।

২০০৪ সালের ১১ ডিসেম্বর ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন এম এস সুব্বুলক্ষ্মী। তাঁর দীর্ঘ সংগীতজীবন, সংগ্রাম, সাফল্য ও সাংস্কৃতিক অবদান এবার নতুন প্রজন্মের সামনে বড় পর্দায় তুলে ধরার দায়িত্ব নিয়েছেন রশ্মিকা মান্দানা ও ‘M.S – A Legacy On Screen’-এর পুরো দল।

চার দশকের বেশি সময়েরও বেশি আগে প্রয়াত এই কিংবদন্তি শিল্পীর জীবনকে কীভাবে সিনেমার ভাষায় তুলে ধরেন গৌতম তিন্নানুরি, আর রশ্মিকা কীভাবে সুব্বুলক্ষ্মীর ব্যক্তিত্ব ও সংগীতের আবহ পর্দায় ধারণ করেন সেটিই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।