• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

‘ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা কারা করছে?’ মামলা নিয়ে মুখ খুললেন তানজিন তিশা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নতুন মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেছেন তিশা। তাঁর প্রশ্ন, দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ক্ষতিগ্রস্ত করার এমন প্রচেষ্টার পেছনে কারা রয়েছেন এবং তাঁদের উদ্দেশ্য কী।

ফেসবুক পোস্টে দুটি শাড়ি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর ছবির কোলাজ যুক্ত করে তিশা অভিযোগ করেন, তাঁর একটি বক্তব্যের রেকর্ড থেকে সুবিধামতো অংশ কেটে মূল বক্তব্যের অর্থ পরিবর্তন করা হয়েছে। পরে সেটি ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাঁর সম্মানহানির চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

পোস্টে তিশা লেখেন, ‘এত বড় একটা পরিকল্পনা? একজন মানুষের এত বছরের সম্মান, ক্যারিয়ার আর অর্জন ধ্বংস করে দেওয়ার এমন বিশাল ঘৃণ্য প্রচেষ্টা? কেন? কিসের জন্য? আর এর পেছনে কারা?’

অভিযোগ উঠলেই কাউকে দোষী ধরে নেওয়া উচিত কি না, সেই প্রশ্নও তুলেছেন অভিনেত্রী। তাঁর মতে, অভিযোগের সত্যতা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা প্রয়োজন। এ ঘটনায় অনেক প্রশ্নের উত্তর ও তথ্যপ্রমাণ নিজের কাছে রয়েছে বলেও দাবি করেছেন তিনি। তবে সেসব তথ্য-প্রমাণ প্রকাশের দায়িত্ব আদালতের, নাকি দায়িত্বশীল সাংবাদিকতার সেই প্রশ্নও রেখেছেন তিশা।

জনসাধারণের ভূমিকা নিয়েও সতর্কবার্তা দিয়েছেন তিনি। তিশার বক্তব্য, যাচাই-বাছাই না করে কোনো অভিযোগ বিশ্বাস করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া উচিত নয়। অভিযোগের সত্যতা নির্ধারণে আদালত ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী। 

শাড়ি নিয়ে একাধিক অভিযোগ ও মামলা

তানজিন তিশাকে ঘিরে শাড়ি নিয়ে বিতর্কের সূত্রপাত গত বছরের অক্টোবরে। অনলাইন পোশাক বিক্রির প্রতিষ্ঠান অ্যাপোনিয়ার স্বত্বাধিকারী বিলকিস ওয়াজির অভিযোগ, ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি জামদানি শাড়ি প্রচারণার শর্তে তিশাকে দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী প্রচারণা না করার পাশাপাশি শাড়ির দামও পরিশোধ করা হয়নি বলে দাবি করেন তিনি। অন্যদিকে তিশার বক্তব্য, শাড়িটি তাঁকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ৭৫ হাজার টাকা মূল্যের আরেকটি শাড়ি নিয়ে তিশার বিরুদ্ধে মামলা করেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। তাঁর অভিযোগ, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তিশা তাঁর কাছ থেকে শাড়িটি নিয়েছিলেন। পরদিন ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি। শাড়িটি ফেরত চাওয়ার পর গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন সানায়া।

এ ঘটনায় করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে তিশাকে অব্যাহতির সুপারিশ করেছিল। তবে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষের নারাজি আবেদনের পর গত ২৫ অক্টোবর আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর পরদিন, ২৬ অক্টোবর, আগের মামলাটি প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা করেন সানায়া চৌধুরী। বাদীপক্ষের অভিযোগ, মামলা প্রত্যাহার করতে চাপ দেওয়ার পাশাপাশি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মাধ্যমে তাঁকে ভয়ভীতি দেখানো হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে আইনের আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন তিনি। নতুন মামলায় আদালত তিশাকে আগামী ২৩ নভেম্বর হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

একদিকে শাড়ি নিয়ে আগের অভিযোগগুলোর আইনি প্রক্রিয়া চলছে, অন্যদিকে নতুন মামলার মুখে নিজের অবস্থান তুলে ধরেছেন তানজিন তিশা। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা এখনো আদালতের প্রক্রিয়ায় নির্ধারিত হয়নি।