আনন্দ বিনোদন ডেস্ক: অভিনয় ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় একই ধরনের চরিত্রে নিজেকে আটকে রাখেননি দীপা খন্দকার। গল্প ও চরিত্রের বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে কাজ করে আসা এই অভিনেত্রী সাম্প্রতিক সময়েও একাধিক নতুন চরিত্রে নিজেকে তুলে ধরছেন। ফলে পর্দায় তাঁকে ঘিরে দর্শকের আগ্রহও নতুন করে তৈরি হচ্ছে।
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে মহিন খান রচিত ও পরিচালিত মিনি সিরিজ ‘কর্মফল’। এতে প্রচলিত চরিত্রের বাইরে একেবারেই ভিন্ন ও চ্যালেঞ্জিং রূপে দেখা গেছে দীপাকে। রুক্ষ-এলোমেলো চুল, মলিন চেহারা ও সাদামাটা পোশাকে তাঁর লুক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। সিরিজটির প্রথম পর্ব প্রকাশের পরও তাঁর নতুন রূপ নিয়ে আলোচনা হচ্ছে।
‘কর্মফল’-এ দীপার সহশিল্পী হিসেবে রয়েছেন আ খ ম হাসানসহ আরও অনেকে। চরিত্রটি নিজের মতো করে ফুটিয়ে তুলতে তাঁকে বেশ পরিশ্রম করতে হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। মহিন খানের গল্প বলার ধরন ও যত্ন নিয়ে কাজ করার প্রশংসাও করেছেন তিনি।
এরই মধ্যে নতুন চমক নিয়ে আসছেন দীপা খন্দকার। হাসান রেজাউলের পরিচালনায় দীপ্ত টিভিতে শিগগির প্রচারে আসছে ‘বকুলপুর সিজন ৩’। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় এই ধারাবাহিকে মেহেরজান চরিত্রে অভিনয় করেছেন দীপা।
মেহেরজান গ্রামের একজন রাজনীতিবিদ। দীপা খন্দকারের অভিনয়জীবনে এ ধরনের রাজনৈতিক চরিত্রে কাজ করার অভিজ্ঞতা এবারই প্রথম। ফলে চরিত্রটি নিয়ে শুরু থেকেই আলাদা আগ্রহ রয়েছে অভিনেত্রীর।
দীপা জানান, হাসান রেজাউলের সঙ্গে কয়েক বছর আগে একটি নাটকে কাজ করলেও ধারাবাহিকে এবারই প্রথম তাঁর নির্দেশনায় অভিনয় করছেন। নির্মাতার যত্ন নিয়ে কাজ করার ধরন তাঁকে মুগ্ধ করেছে। মেহেরজান চরিত্রটিও তাঁর কাছে বেশ ভালো লেগেছে বলে জানান তিনি।
একই সময়ে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকেও কাজ করছেন দীপা খন্দকার। পারিবারিক আবহের এই নতুন ধারাবাহিকে তাঁর সঙ্গে অভিনয় করছেন জাহিদ হাসানসহ একঝাঁক পরিচিত শিল্পী। ধারাবাহিকটির শুটিং ইতোমধ্যে হয়েছে এবং নির্মাতা আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীদের পরিচয়ও দিয়েছেন।
এর আগে রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ‘ফাতেমা ফুফু’ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন দীপা। নতুন ধারাবাহিকে অবশ্য আগের সেই পরিচিত অবয়বে নয়, বরং ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে তাঁকে।
নতুন কাজগুলো প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘হাসান রেজাউলের পরিচালনায় বেশ কয়েক বছর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। ধারাবাহিকে এবারই প্রথম তাঁর নির্দেশনায় কাজ করা। রেজাউল বেশ যত্ন নিয়ে কাজ করে। মেহেরজান চরিত্রটিও আমার খুব ভালো লেগেছে। যে কারণে চরিত্রটি নিয়ে আমি খুব আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘রাজের “এটা আমাদেরই গল্প”-এ দর্শক আমাকে একরকম দেখেছিলেন। এবার “ফিরে আসার গল্প”-এ আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন। দুটি ধারাবাহিকই প্রচারে এলে আশা করছি দর্শকের ভালো লাগবে।’
দীপা খন্দকারের সাম্প্রতিক কাজগুলো দেখলে একটি বিষয় স্পষ্ট—নিজেকে একটি নির্দিষ্ট ধরনের চরিত্রের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছেন না তিনি। ‘কর্মফল’-এর ব্যতিক্রমী চরিত্র, ‘বকুলপুর সিজন ৩’-এর গ্রামীণ রাজনীতিবিদ মেহেরজান কিংবা ‘ফিরে আসার গল্প’-এর নতুন চরিত্র—প্রতিটি কাজেই আলাদা অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী।
দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও বয়স ও অভিজ্ঞতার সঙ্গে নিজের অভিনয়ের পরিসর আরও বাড়াচ্ছেন দীপা। নতুন তিন কাজের মাধ্যমে সেই বৈচিত্র্যই আবারও দর্শকের সামনে তুলে ধরার অপেক্ষায় রয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :