আনন্দ বিনোদন ডেস্ক: বিশ্বকাপের ফাইনালকে ঘিরে এবার আলোচনায় উঠে এসেছে ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খানের নাম। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রিয় দলের ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করার ইচ্ছা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন বলে জোর গুঞ্জন তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে শাকিব খান বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারলে গ্যালারিতে বসেই খেলা দেখবেন এই অভিনেতা। আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজের প্রিয় দলের শিরোপা লড়াই সরাসরি উপভোগ করার আগ্রহ থেকেই এমন পরিকল্পনা করেছেন বলে দাবি করা হচ্ছে।
এদিকে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শাকিব খানের অনুপস্থিতিও এই গুঞ্জনকে আরও জোরালো করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগের রাতেই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ফলে ভোটগ্রহণে অংশ নেওয়া সম্ভব হয়নি তার।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই সফরের একমাত্র উদ্দেশ্য বিশ্বকাপের ফাইনাল নয়। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী হওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করার প্রয়োজন হয়। সেই প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করাও তার সফরের অন্যতম কারণ বলে জানা গেছে।
এখন ভক্তদের অপেক্ষা, ফাইনালের টিকিট নিশ্চিত হলে সত্যিই কি মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যাবে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
আপনার মতামত লিখুন :