আনন্দ বিনোদন ডেস্ক: ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরে প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত গায়ক, সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব। কানাডার টরন্টোর বিএমও স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি শুধু সংগীত পরিবেশনাই করেননি, নিজের পোশাকের মাধ্যমে বিশ্বদরবারে তুলে ধরেছেন বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য।
বিশ্বকাপ উপলক্ষে নির্মিত ‘সির সির’ গানে কানাডীয় শিল্পী নোরা ফাতেহি ও ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিমের সঙ্গে পারফর্ম করেন সঞ্জয় দেব। তবে দর্শকদের বিশেষভাবে নজর কাড়ে তার পোশাক। জ্যাকেটের হাতাজুড়ে ফুটে উঠেছিল বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজ রঙ, জাতীয় ফুল শাপলা এবং রয়েল বেঙ্গল টাইগারের নকশা। পরিবেশনার সময় বারবার এসব প্রতীকের দিকে ইঙ্গিত করে তিনি যেন বিশ্বকে নিজের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সঞ্জয় দেবের জন্ম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শৈশবে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। দীর্ঘদিনের সাধনা ও পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করে এবার তিনি জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে।
অনুষ্ঠানের আগে সঞ্জয় জানিয়েছিলেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে অংশগ্রহণের জন্য তিনি বিশেষ প্রস্তুতি নিয়েছেন। সেই প্রস্তুতিরই অংশ ছিল বাংলাদেশের প্রতীকসমৃদ্ধ পোশাক। পরিবেশনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পান তিনি। তার শেয়ার করা একটি ভিডিও অল্প সময়ের মধ্যেই লাখো দর্শকের নজর কাড়ে এবং ব্যাপক সাড়া ফেলে।
বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আয়োজনে বাংলাদেশের পতাকা ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের সাধারণ মানুষ, ক্রীড়াপ্রেমী এবং বিনোদন অঙ্গনের তারকারা। অনেকেই মনে করছেন, সঞ্জয় দেবের এই উপস্থিতি বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।
আপনার মতামত লিখুন :