• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

আগামীকাল ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  চিকিৎসকদের পেশাগত পরিচয়ের বাইরের প্রতিভা, ব্যক্তিত্ব, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণ তুলে ধরতে আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার (২৪ অক্টোবর)। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিকেল ৪টায় শুরু হবে এ আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে রয়েছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম, বিতার্কিক ও টেলিভিশন উপস্থাপক ডা. আব্দুন নূর তুষার, চিকিৎসক ও অভিনেতা ডা. এজাজুল ইসলাম এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

২০২৫ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেন। চিকিৎসাসেবার পাশাপাশি তাঁদের নেতৃত্ব, যোগাযোগদক্ষতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে পেশাগত পরিচয়ের বাইরে তাঁদের বহুমুখী প্রতিভা প্রকাশের জন্য একটি স্বতন্ত্র মঞ্চ তৈরি করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগীদের চূড়ান্ত মূল্যায়নের পর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে নির্বাচিত সেরা ১০ জনের মধ্য থেকে বিজয়ী নির্ধারণ করা হবে। এ ছাড়া অন্য প্রতিযোগীদের অর্জন ও স্বীকৃতিও তুলে ধরা হবে।

‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর অফিশিয়াল কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন ডা. শেখ সোহা। আয়োজনটির মূল উদ্যোক্তা দ্য রেস্ট্রেইনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হাসান মাহমুদ।

চিকিৎসকদের পেশাগত দক্ষতার পাশাপাশি তাঁদের ব্যক্তিত্ব, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলিকে সামনে আনার এই আয়োজন অংশগ্রহণকারীদের জন্য নতুন অভিজ্ঞতা ও স্বীকৃতির সুযোগ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।