অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে নতুন প্রজেক্টে প্রিয়াঙ্কা, উচ্ছ্বসিত ভক্তরা
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: দীর্ঘ সাত বছর পর ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন করেছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এস. এস. রাজামৌলি পরিচালিত বড় বাজেটের প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘ভারানসি’ দিয়ে আবারও ভারতীয় চলচ্চিত্রে সক্রিয় হচ্ছেন তিনি। তবে এর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার ব্যস্ততা আগের মতোই অব্যাহত রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানান, তিনি শিগগিরই হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একটি নতুন প্রজেক্টে যুক্ত হতে যাচ্ছেন। যদিও এটি চলচ্চিত্র, বিজ্ঞাপন নাকি কোনো সামাজিক উদ্যোগ—সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। খবরটি প্রকাশের পর থেকেই প্রিয়াঙ্কার ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা আরও বলেন, অ্যাঞ্জেলিনা জোলির পাশাপাশি পেনেলোপ ক্রুজ ও সালমা হায়েক তার কাছে অনুপ্রেরণার উৎস। আন্তর্জাতিক অঙ্গনে তাদের কাজ ও ব্যক্তিত্ব তাকে সবসময় উৎসাহ জুগিয়েছে।
নতুন প্রজেক্ট প্রসঙ্গে তিনি আরও জানান, হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে একটি কো-প্রোডাকশন প্রকল্পেও কাজ করছেন। পাশাপাশি মীরা নায়ারের বায়োপিক ‘আমরি’ এবং নিকোলাস স্টোলার পরিচালিত ‘জাজমেন্ট ডে’ সিনেমাতেও দেখা যাবে তাকে। এসব প্রকল্পে তার সহশিল্পী হিসেবে রয়েছেন উইল ফেরেল, জ্যাক এফ্রন ও রেজিনা হলের মতো তারকারা।
অন্যদিকে, ‘ভারানসি’ সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। প্রায় ১,২০০ কোটি রুপি বাজেটের এই চলচ্চিত্রটি ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে। জর্জিয়া, অ্যান্টার্কটিকা, আফ্রিকা ও হায়দরাবাদসহ বিশ্বের বিভিন্ন স্থানে এর শুটিং সম্পন্ন হয়েছে।
সবকিছু ঠিক থাকলে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে ৭ এপ্রিল ২০২৭। প্রিয়াঙ্কার নতুন এই আন্তর্জাতিক ও দেশীয় প্রকল্পগুলো নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :