আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ৬০ বছর বয়সে এসে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই বিয়ে নিয়ে ইতোমধ্যেই ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে নিজ বাসভবনেই ঘরোয়া পরিবেশে আইনি প্রক্রিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন আমির ও গৌরী। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই আয়োজনটি সীমাবদ্ধ রাখার পরিকল্পনা রয়েছে।
অভিনেতা জানিয়েছেন, তিনি ও গৌরী দুজনেই ব্যক্তিগত ও সাদামাটা আয়োজনকে গুরুত্ব দেন। সে কারণেই বিয়ের অনুষ্ঠানকে যতটা সম্ভব ব্যক্তিগত পরিসরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
খবরে বলা হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন আমিরের মেয়ে আইরা খান, ছেলে জুনায়েদ খান, প্রথম স্ত্রী রিনা দত্ত, দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং তাঁদের পরিবারের সদস্যরা। এছাড়া গৌরী স্প্র্যাটের পরিবারের সদস্যদের পাশাপাশি অভিনেতার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও সহকর্মীকেও আমন্ত্রণ জানানো হতে পারে।
সম্প্রতি ‘লগান’ চলচ্চিত্রের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমির খানের সঙ্গে রিনা দত্ত, কিরণ রাও এবং গৌরী স্প্র্যাটকে একসঙ্গে দেখা যায়। সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং তাদের পারস্পরিক সৌহার্দ্য দর্শকদের প্রশংসা কুড়ায়।
উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। প্রায় ১৪ বছর সংসার করার পর ২০০০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি।
এরপর কিছুদিন ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকলেও সম্প্রতি গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। এবার সেই সম্পর্কই বিয়ের মাধ্যমে নতুন পরিণতি পেতে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :