আনন্দ বিনোদন ডেস্ক: ভারত ও আন্তর্জাতিক বাজারে আলোচিত সাফল্যের পরও জাপানে প্রত্যাশিত সাড়া পায়নি রণবীর সিং অভিনীত অ্যাকশন-স্পাই থ্রিলার ‘ধুরন্ধর ২’। নির্মাতা আদিত্য ধরের এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রশংসা ও ব্যবসায়িক সাফল্য অর্জন করলেও জাপানের প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়েছে।
গত ১০ জুলাই জাপানের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। মুক্তির আগে ব্যাপক প্রচারণা চালানো হলেও স্থানীয় দর্শকদের আগ্রহ ছিল তুলনামূলক কম। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত বক্স অফিস প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিন দুপুর পর্যন্ত সীমিত সংখ্যক দর্শক টিকিট কাটেন এবং দিন শেষে মোট বিক্রিত টিকিটের সংখ্যাও প্রত্যাশার অনেক নিচে ছিল।
এই দুর্বল সূচনার কারণে জাপানের জনপ্রিয় চলচ্চিত্রগুলোর সাপ্তাহিক তালিকায় জায়গা করে নিতে পারেনি ‘ধুরন্ধর ২’। একই সঙ্গে দেশটিতে মুক্তি পাওয়া ভারতীয় চলচ্চিত্রগুলোর সফল উদ্বোধনের তালিকাতেও পিছিয়ে পড়েছে সিনেমাটি। ফলে বিশ্বব্যাপী সফল একটি ফ্র্যাঞ্চাইজির জন্য জাপানের বাজারে এই ফলাফলকে হতাশাজনক বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সিনেমাটিতে রণবীর সিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আর. মাধবন, অর্জুন রামপাল ও সঞ্জয় দত্ত। পাকিস্তান ও আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত প্রতিশোধের গল্প এবং বড় পরিসরের অ্যাকশন দৃশ্য দর্শকদের নজর কাড়লেও জাপানি দর্শকদের কাছে গল্প ও উপস্থাপনা প্রত্যাশিত গ্রহণযোগ্যতা পায়নি বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে সফল হলেও জাপানের বাজারে ‘ধুরন্ধর ২’-এর হতাশাজনক পারফরম্যান্স এখন বলিউড অঙ্গনে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।
আপনার মতামত লিখুন :