আনন্দ বিনোদন ডেস্ক: বিদেশি চলচ্চিত্র আমদানি ও রপ্তানির অনুমোদন দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় দেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, আমদানি-রপ্তানি কমিটির কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের জমা দেওয়া আবেদন নিষ্পত্তি হচ্ছে না। এর ফলে একদিকে আমদানিকারকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে নতুন সিনেমার সংকটে ভুগছেন দেশের সিনেমাহল মালিকরা।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠনের পর আমদানি-রপ্তানি কমিটি পুনর্গঠন করা হলেও সাম্প্রতিক সময়ে কমিটির কার্যক্রমে গতি দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে। কয়েক মাস ধরে কোনো সভা না হওয়ায় বিদেশি চলচ্চিত্র আমদানি ও রপ্তানির একাধিক আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ কারণে অনেক প্রতিষ্ঠান প্রস্তুত থাকা সিনেমাও মুক্তি দিতে পারছে না।
আমদানিকারক প্রতিষ্ঠান ইন-উইন এন্টারপ্রাইজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, প্রায় দুই মাস আগে পাঁচটি থাই চলচ্চিত্র আমদানির আবেদন করা হলেও এখনো অনুমোদন মেলেনি। তার দাবি, চলচ্চিত্রগুলো ডাবিংসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলেও অনুমতি না থাকায় সেগুলো মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি অনেক সিনেমাহলও কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে।
একাধিক প্রযোজকও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। তাদের মতে, দেশীয় চলচ্চিত্রের সংখ্যা কম থাকায় বিদেশি সিনেমা প্রদর্শনের সুযোগ বাড়লে প্রেক্ষাগৃহগুলো সচল রাখা সহজ হতো। কিন্তু অনুমোদন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় সেই সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে।
তবে চলচ্চিত্র আমদানি-রপ্তানি কমিটি বিলুপ্ত হয়নি বলে জানিয়েছেন কমিটির সদস্য ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন। তার ভাষ্য, কমিটি এখনো বহাল রয়েছে। অনুমোদনের বিষয়টি মূলত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক সময়ের বিভিন্ন জটিলতা কাটিয়ে খুব শিগগিরই কার্যক্রম স্বাভাবিক হবে।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত বর্তমান কমিটিই দায়িত্ব পালন করবে। জমা পড়া আবেদনগুলো নিষ্পত্তির লক্ষ্যে আগামী ৭ জুলাই মন্ত্রণালয়ে একটি বৈঠক আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের পর দীর্ঘদিন আটকে থাকা আবেদনগুলোর বিষয়ে সিদ্ধান্ত এলে বিদেশি চলচ্চিত্র আমদানির পথ আবারও সচল হবে এবং দেশের প্রেক্ষাগৃহগুলো নতুন গতি পাবে।
আপনার মতামত লিখুন :