আনন্দ বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জীবনে মাতৃত্ব নিয়ে এসেছে এক নতুন অধ্যায়। ২০২৪ সালের শেষ দিকে কন্যা সন্তানের মা হওয়ার পর তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে এসেছে বড় ধরনের পরিবর্তন। অভিনয়জীবনের ব্যস্ততা কিংবা নতুন কাজের চেয়ে এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সন্তানকে সময় দেওয়া।
মা হওয়ার পর বেশ কিছু কাজ হাতছাড়া হলেও তা নিয়ে কোনো আক্ষেপ নেই দীপিকার। বরং জীবনের এই বিশেষ সময়টিকে তিনি উপভোগ করছেন পুরোপুরি। বিভিন্ন সাক্ষাৎকারেও তিনি জানিয়েছেন, সন্তানের যত্ন নেওয়ার বেশিরভাগ দায়িত্ব নিজেই পালন করতে ভালোবাসেন এবং মেয়েকে সবসময় নিজের কাছেই রাখতে চান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজার ছবি শেয়ার করে নিজের বর্তমান অবস্থার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, একটি ছোট্ট কুকুরছানা তার মায়ের গায়ের সঙ্গে লেগে ঘুমিয়ে আছে, ফলে মা কুকুরটির নড়াচড়ারও তেমন সুযোগ নেই। ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, “গত রাতে আপনি কীভাবে ঘুমিয়েছেন? সন্তান আর আমি ঠিক এভাবেই ঘুমিয়েছি।”
এই পোস্টের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, সন্তান জন্মের পর তার ঘুমানোর ধরনও বদলে গেছে। এখন মেয়েকে আগলে রেখেই রাত কাটে তার। ভক্তরাও পোস্টটিতে ভালোবাসা প্রকাশ করে মাতৃত্বের এই সুন্দর মুহূর্তের প্রশংসা করেছেন।
দীপিকার বিশ্বাস, মা ও সন্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে একসঙ্গে সময় কাটানো এবং কাছাকাছি থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই অভিনয়ের ব্যস্ততার মধ্যেও তিনি মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান। বর্তমানে পরিবার ও সন্তানকে ঘিরেই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছেন এই বলিউড তারকা।
আপনার মতামত লিখুন :