• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে দীর্ঘ সময় ভোট গণনার পর শনিবার ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আরমান পান ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিএ তায়েব (২৬০ ভোট) ও ইলিয়াস কোবরা (২১৬ ভোট)। এ পদে নূতন পান ২০৪ ভোট এবং রোজিনা পান ১৫২ ভোট। সহ-সাধারণ সম্পাদক হিসেবে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত, আর তার প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ২৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন সনি রহমান। প্রতিদ্বন্দ্বী চুন্নু পেয়েছেন ১৮২ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ পারভেজ চৌধুরী আবির, তিনি পেয়েছেন ২৭২ ভোট। এ পদে প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই পদে মুশফিকুল জামিল পেয়েছেন ১১৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইউসুফ খান পেয়েছেন ৭২ ভোট। কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

এবারের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত।

নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের অংশগ্রহণে প্রচার-প্রচারণা, মতবিনিময় ও বিভিন্ন নির্বাচনী কর্মকাণ্ডে মুখর ছিল চলচ্চিত্রাঙ্গন। নতুন কমিটির কাছে চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ এবং শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।