• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের কণ্ঠ খুঁজতে ‘ভয়েস অব বাংলাদেশ’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট এবার প্রথমবারের মতো এশিয়ায় যাত্রা শুরু করতে যাচ্ছে। সেই নতুন অধ্যায়ের অংশ হতে যাচ্ছে বাংলাদেশও। আন্তর্জাতিক এই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রতিভাবান সংগীতশিল্পী খুঁজে বের করতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ আয়োজন করেছে ‘ভয়েস অব বাংলাদেশ – সং ফর ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার (২২ জুলাই) প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ খ্যাতিমান ব্যক্তিত্ব ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন ও আঁখি আলমগীর, যারা বিচারকের দায়িত্ব পালন করবেন। পুরো আয়োজনের সঞ্চালনায় থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার বিজয়ী নির্বাচন হবে বিচারকদের মূল্যায়ন এবং দর্শকদের ভোটের সমন্বয়ে। অর্থাৎ বিচারকদের সিদ্ধান্তের পাশাপাশি দর্শকদের মতামতও চূড়ান্ত ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইতোমধ্যে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। গত মে ও জুন মাসে দেশব্যাপী আবেদন গ্রহণের পর সেখান থেকে ১২ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয়েছে। বর্তমানে তাদের নিয়ে চলছে নিবিড় গ্রুমিং, প্রশিক্ষণ এবং পারফরম্যান্স প্রস্তুতি।

আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ন্যাশনাল সিলেকশন শোর গ্র্যান্ড ফিনালে। সেখান থেকেই নির্বাচিত হবেন বাংলাদেশের প্রথম ইউরোভিশন প্রতিনিধি।

চূড়ান্ত বিজয়ী শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এই প্রথম কোনো আন্তর্জাতিক ইউরোভিশন মঞ্চে বাংলাদেশের শিল্পী আনুষ্ঠানিকভাবে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এশিয়ার এই নতুন সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস। আয়োজকদের আশা, এই প্ল্যাটফর্ম এশিয়ার শিল্পীদের বৈশ্বিক সংগীতাঙ্গনে নিজেদের পরিচিত করার নতুন সুযোগ সৃষ্টি করবে। ভবিষ্যতে এশিয়ান সংস্করণের বিজয়ীদের মূল ইউরোভিশন সং কনটেস্ট-এ অংশ নেওয়ার পথও উন্মুক্ত হতে পারে।

প্রতিযোগিতার সব পর্ব এক্সক্লুসিভভাবে সম্প্রচার ও স্ট্রিমিং হবে বঙ্গ প্ল্যাটফর্মে। টেলিভিশন সম্প্রচার সহযোগী হিসেবে থাকবে এনটিভি

প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সংগীতের ধরন বা ঘরানায় কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। একক শিল্পী, দ্বৈতশিল্পী এবং ব্যান্ড—সব ধরনের অংশগ্রহণকারী আবেদন করতে পারবেন।

বঙ্গের হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, “এশিয়ায় ইউরোভিশনের যাত্রা বাংলাদেশের নতুন ও অভিজ্ঞ শিল্পীদের জন্য একটি অসাধারণ আন্তর্জাতিক সুযোগ। দেশের প্রথম ইউরোভিশন প্রতিনিধি নির্বাচনের এই ঐতিহাসিক উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত।”

তিনি আরও জানান, আগ্রহী শিল্পীরা নিজেদের উচ্চমানের অডিও বা ভিডিও পারফরম্যান্স এবং সংক্ষিপ্ত পরিচিতি জমা দিয়ে আবেদন করতে পারবেন।

এখন সংগীতপ্রেমীদের দৃষ্টি আগামী ৩০ সেপ্টেম্বরের গ্র্যান্ড ফিনালে-র দিকে। সেদিনই নির্ধারিত হবে, কার কণ্ঠে প্রথমবারের মতো ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার আন্তর্জাতিক মঞ্চে উচ্চারিত হবে বাংলাদেশের নাম।