• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই কোনো বাধা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) জামিন পেয়েছেন। হাইকোর্টের আদেশে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

গত রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিনসংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন। সোমবার (৩ আগস্ট) সংশ্লিষ্ট আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ৩০ জুন দুই দিনের রিমান্ড শেষে জাহের আলভীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরও আগে, গত ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। পরে মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।