• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

ফেসবুক ছাড়লেন আসিফ আকবর, ‘এখন কোনটা সত্য আর কোনটা গুজব বোঝা যায় না’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের গান, ব্যক্তিগত ভাবনা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে নিয়মিত ফেসবুকে সরব থাকতেন তিনি। তবে সম্প্রতি হঠাৎ করেই প্ল্যাটফর্মটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই শিল্পী। এরই মধ্যে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন তাঁর ব্যবহৃত ফেসবুক আইডি ও পেজ।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিষয়টি জানান আসিফ আকবর। একই সঙ্গে কেন ফেসবুক থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিও ব্যাখ্যা করেন তিনি।

ফেসবুকের বর্তমান পরিবেশ নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়ে আসিফ আকবর বলেন, ‘ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই।’

তাঁর মতে, বর্তমানে ফেসবুকে কোন তথ্য সত্য আর কোনটি গুজব—তা আলাদা করা কঠিন হয়ে পড়েছে। যাচাই-বাছাই ছাড়াই নানা খবর ছড়িয়ে পড়ায় অনেক সময় তারকাদেরও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন আসিফ। তাঁর নামে এমন অনেক বক্তব্য বা খবর ছড়িয়ে পড়েছে, যা তিনি কখনোই দেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, ভাই, আমি তো এটা বলিনি।’

পরে সংশ্লিষ্টরা বিষয়টি যাচাই করে সত্যতা প্রকাশ করেন। আসিফের ভাষ্য, এ ধরনের পরিস্থিতি শুধু বিব্রতকর নয়, এর সঙ্গে দায়িত্বশীলতার বিষয়টিও জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে সেটি যাচাই করা জরুরি বলেও মনে করেন তিনি।

বিশেষ করে তারকাদের নিয়ে কোনো বক্তব্য, মন্তব্য কিংবা খবর প্রকাশের ক্ষেত্রে সামান্য ভুলও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। আর সেই বিভ্রান্তির দায় অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তির ওপর এসে পড়ে বলে মনে করেন এই সংগীতশিল্পী।

ফেসবুকের এমন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত প্ল্যাটফর্মটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আসিফ আকবর। তবে ফেসবুক ছাড়ার পরও সংগীত থেকে দূরে সরে যাননি তিনি। নতুন গান রেকর্ডিংয়ের পাশাপাশি নিয়মিত স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।

ফেসবুক থেকে দূরে সরে যাওয়ার পর নিজের সময় পরিবার ও পড়াশোনায় দিচ্ছেন বলেও জানিয়েছেন আসিফ। তাঁর ভাষ্য, এতে সময়টি নিজের জন্য আরও ভালোভাবে কাজে লাগাতে পারছেন এবং বর্তমানে বেশ ভালোই আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যস্ততা থেকে সরে গিয়ে এখন গান, পরিবার ও নিজের কাজে মনোযোগ দেওয়াকেই গুরুত্ব দিচ্ছেন জনপ্রিয় এই শিল্পী।