• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

প্রথমবারের মতো সিনেমায় নিশো-মেহজাবীন, আসছে ‘পুলসিরাত’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: ছোটপর্দায় দীর্ঘদিনের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর রসায়ন এবার দেখা যাবে বড় পর্দায়। ভিকি জাহেদের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘পুলসিরাত’-এ জুটি বাঁধছেন এই দুই তারকা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে সিনেমায় অভিনয় করবেন তারা।

এর আগে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’-এর মতো দর্শকপ্রিয় নাটক ও ওয়েবভিত্তিক কাজে নিশো-মেহজাবীনকে একসঙ্গে পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ফলে পরিচিত এই জুটিকে এবার সিনেমার বড় পরিসরে দেখার আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

চলতি বছরের জানুয়ারিতে ‘পুলসিরাত’ নামটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধনের খবর প্রকাশ্যে আসে। তখন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান আফরান নিশো ও মেহজাবীনের সঙ্গে আলোচনা করছিলেন, কিন্তু তাদের অভিনয় চূড়ান্ত হয়নি। প্রযোজক শাহরিয়ার শাকিলও সে সময় জানিয়েছিলেন, দুই শিল্পীর সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।

তবে সোমবার (৫ অক্টোবর) রাতে প্রযোজক শাহরিয়ার শাকিল নিশো ও মেহজাবীনের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। পরবর্তী সময়ে প্রযোজনা-সংশ্লিষ্ট সূত্রও দুই তারকার যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বর্তমানে ‘পুলসিরাত’-এর প্রি-প্রডাকশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। সব প্রস্তুতি শেষ করে আগামী বছরের জানুয়ারির শুরুতে শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। প্রায় এক মাসের মধ্যে মূল দৃশ্যধারণ শেষ করে ফেব্রুয়ারিতে পোস্ট-প্রডাকশনের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী, সবকিছু নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিনেমাটি মুক্তি পেতে পারে। তবে এখনো আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

‘পুলসিরাত’ নির্মাণ করছেন ভিকি জাহেদ। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন তিনি। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তাঁর। এর আগে নাটক ও ওয়েব কনটেন্ট নির্মাণে নিজের স্বতন্ত্র নির্মাণশৈলী দিয়ে দর্শকদের মধ্যে পরিচিতি পেয়েছেন তিনি।

সিনেমাটি প্রযোজনা করছে SVF Alpha-i Entertainment Limited। প্রতিষ্ঠানটির ব্যানারে সাম্প্রতিক সময়ে একাধিক আলোচিত ও বড় পরিসরের চলচ্চিত্র নির্মিত হয়েছে। ফলে নিশো-মেহজাবীনের জনপ্রিয় জুটি, ভিকি জাহেদের বড় পর্দায় অভিষেক এবং প্রযোজনা প্রতিষ্ঠানের পরিকল্পনা সব মিলিয়ে ‘পুলসিরাত’ নিয়ে দর্শকদের আগ্রহ ইতোমধ্যে তৈরি হয়েছে।

নাটক ও ওয়েবে বহুবার একসঙ্গে দেখা গেলেও এবারই প্রথম প্রেক্ষাগৃহের জন্য একই গল্পের কেন্দ্রীয় চরিত্রে হাজির হবেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাই তাদের দীর্ঘদিনের জনপ্রিয় রসায়ন বড় পর্দায় কতটা নতুন মাত্রা পায়, সেটিই এখন দেখার অপেক্ষা।