• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

গুঞ্জনের অবসান , নতুন পর্ব নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনের অবশেষে অবসান হয়েছে। দর্শকদের দীর্ঘদিনের জল্পনা-কল্পনা দূর করে নতুন পর্ব প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সনি আথ কর্তৃপক্ষ। চ্যানেলের তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় জনপ্রিয় এই সিরিজের নতুন পর্ব সম্প্রচার করা হবে।

এর মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্দায় ফিরতে যাচ্ছে বুদ্ধিদীপ্ত হাস্যরসের চরিত্র গোপাল ভাঁড়। পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো এই সিরিজের নতুন পর্ব ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে আগ্রহ।

২০১৫ সাল থেকে সনি আথ-এ সম্প্রচারিত হয়ে আসছে ‘গোপাল ভাঁড়’। হাস্যরসের পাশাপাশি বুদ্ধিমত্তা, ন্যায়বোধ এবং সামাজিক নানা বার্তা তুলে ধরার কারণে সিরিজটি ভারত ও বাংলাদেশ দুই বাংলার দর্শকদের কাছেই জনপ্রিয়তা পেয়েছে।

প্রতিটি পর্বে গোপালকে দেখা যায় তাঁর উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রাজ্যের নানা জটিল সমস্যার সমাধান করতে। কখনো ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র নস্যাৎ করেন, আবার কখনো রাজা কৃষ্ণচন্দ্রকে নানা বিপদ থেকে বের করে আনেন। মজার গল্পের আড়ালে এসব কাহিনিতে সামাজিক ও নৈতিক শিক্ষাও তুলে ধরা হয়।

টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও ‘গোপাল ভাঁড়-এর রয়েছে বড় দর্শকগোষ্ঠী। তবে গত জুলাইয়ে সিরিজটির ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর নতুন পর্ব সম্প্রচার বন্ধ হয়ে যায়। এরপর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয় নানা জল্পনা।

গুঞ্জনের পেছনে অন্যতম কারণ ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও। সেখানে মৃত্যুশয্যায় শুয়ে থাকা গোপালের পাশে তাঁর স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র এবং রাজ্যসভার সদস্যদের কাঁদতে দেখা যায়। দৃশ্যটি দেখে অনেক দর্শক ধারণা করেন, হয়তো সিরিজটির স্থায়ী সমাপ্তি ঘটতে যাচ্ছে।

নতুন পর্ব প্রচারে বিরতি এবং চ্যানেল কর্তৃপক্ষের নীরবতা সেই ধারণাকে আরও জোরালো করে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। কেউ কেউ সিরিজটি শেষ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন, আবার অনেকে প্রিয় চরিত্র গোপাল ভাঁড়কে আর পর্দায় দেখতে পাবেন কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অবশেষে সনি আথ নতুন পোস্টার প্রকাশ করে সেই বিভ্রান্তির অবসান ঘটিয়েছে। চ্যানেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, ভাইরাল হওয়া মৃত্যুশয্যার দৃশ্যটি পুরোনো এবং সেটিকে সিরিজের সমাপ্তির সঙ্গে যুক্ত করার কোনো কারণ নেই।

নতুন গল্প, নতুন ঘটনা এবং গোপালের চিরচেনা বুদ্ধিদীপ্ত কাণ্ডকারখানা নিয়ে সিরিজটি আবারও দর্শকদের সামনে ফিরছে। ফলে দীর্ঘ অপেক্ষার পর প্রিয় চরিত্রকে পর্দায় ফিরে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত দুই বাংলার দর্শক।