আনন্দ বিনোদন ডেস্ক: বাংলা সংগীতের আকাশে উজ্জ্বল এক নক্ষত্র সাবিনা ইয়াসমীন। আজ ৪ সেপ্টেম্বর তাঁর ৭২তম জন্মদিন। ১৯৫৪ সালের এই দিনে জন্ম নেওয়া এই কিংবদন্তি কণ্ঠশিল্পী ৭২ বছর পূর্ণ করে ৭৩ বছরে পা দিয়েছেন। বিশেষ এই দিনে সংগীতাঙ্গনসহ সংস্কৃতি অঙ্গনের মানুষ এবং অসংখ্য ভক্ত-শ্রোতা তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় স্মরণ করছেন।
শৈশব থেকেই গানের প্রতি গভীর আগ্রহ ছিল সাবিনা ইয়াসমীনের। মাত্র সাত বছর বয়সে মঞ্চে গান পরিবেশন করেন তিনি। বড় বোন ফরিদা ইয়াসমীন গান শিখতেন, আর পাশে বসে সেই গান শুনতে শুনতে সাবিনার মধ্যেও সংগীতের প্রতি ভালোবাসা আরও গভীর হয়। সংগীতশিল্পী আলতাফ মাহমুদের নজরেও ছোটবেলাতেই তার কণ্ঠের প্রতিভা ধরা পড়ে।
১৯৬৭ সালে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে তার প্লেব্যাক ক্যারিয়ারের উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা হয়। এরপর বাংলা চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী। তার কণ্ঠে ধারণ করা গান আজও শ্রোতাদের কাছে সমানভাবে আবেদন সৃষ্টি করে।
দীর্ঘ সংগীতজীবনে সাবিনা ইয়াসমীন শুধু চলচ্চিত্রের গানেই নয়, আধুনিক গান, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ধারার সংগীতেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তার কণ্ঠের মাধুর্য ও আবেগ বাংলা গানের ভুবনে তাকে দিয়েছে অনন্য মর্যাদা।
দেশের সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার। চলচ্চিত্রের গানে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন বহুবার। তার অর্জন ও দীর্ঘ ক্যারিয়ার তাকে বাংলাদেশের সংগীত ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পীতে পরিণত করেছে।
জন্মদিন উপলক্ষে ভক্ত, সহশিল্পী ও সংস্কৃতি অঙ্গনের মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সাবিনা ইয়াসমীন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে দেখা যাচ্ছে নানা শুভেচ্ছা ও স্মৃতিচারণ। সংগীতশিল্পী কনকচাঁপাসহ অনেকেই প্রিয় এই শিল্পীর জন্মদিনে শুভকামনা জানিয়েছেন।
এদিকে জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ে সাবিনা ইয়াসমীনকে নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘শুধু গান গেয়ে পরিচয়’ প্রচারের আয়োজন করা হয়েছে। সাংবাদিক আব্দুর রহমানের সঙ্গে কথোপকথনে নিজের শৈশব, পরিবার, শিল্পী হয়ে ওঠার গল্প এবং দীর্ঘ সংগীতজীবনের নানা স্মৃতি তুলে ধরবেন তিনি।
সাবিনা ইয়াসমীনের কণ্ঠ শুধু গানকে জনপ্রিয় করেনি, বরং বাংলা সংগীতের বহু গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গে মিশে গেছে। তার গান শুনে বেড়ে উঠেছে একাধিক প্রজন্ম। তাই জন্মদিনে ভক্তদের একটাই প্রত্যাশা—সুস্থ ও ভালো থাকুন প্রিয় শিল্পী, আর তার কণ্ঠের মায়ায় আরও দীর্ঘদিন মুগ্ধ হোক বাংলা গানের শ্রোতারা।
আপনার মতামত লিখুন :