• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন বিশ্বসংগীতের তারকারা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  বিশ্বকাপ ফুটবলের ফাইনাল এবার শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকছে না, দর্শকদের জন্য থাকছে নজরকাড়া সাংস্কৃতিক আয়োজনও। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে একটি বিশেষ হাফটাইম শো। এই আয়োজনে অংশ নেবেন বিশ্বসংগীতের একাধিক জনপ্রিয় তারকা, যা ফুটবলপ্রেমীদের পাশাপাশি সংগীতপ্রেমীদেরও বাড়তি আনন্দ দেবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠেয় ফাইনালে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা, কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার, মার্কিন পপ আইকন ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। এছাড়াও পারফর্ম করবেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়, বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, কোল্ডপ্লের সহযোগিতায় পিএস২২ কোরাস এবং জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর মাপেট চরিত্রগুলো। এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য অর্থ সংগ্রহ করা। আয়োজকরা জানিয়েছেন, বিশ্বজুড়ে শিশুদের শিক্ষার উন্নয়নে ১০০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল গঠনের লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের কিউরেশনের দায়িত্ব পালন করছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

হাফটাইম শো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবারও। তাঁর ভাষায়, বিশ্বকাপ এমন একটি আয়োজন যা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে এক সুতোয় গেঁথে দেয়। দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বমঞ্চে পারফর্ম করতে পেরে তিনি আনন্দিত বলেও জানিয়েছেন। এদিকে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও দর্শক মাতানো শাকিরা ও বার্না বয় আবারও একসঙ্গে মঞ্চে উঠবেন। তাদের যৌথ গান ‘দাই দাই’ ইতোমধ্যেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে এবং টুর্নামেন্ট চলাকালে বিভিন্ন ম্যাচের আয়োজনেও ব্যাপকভাবে বাজানো হয়েছে।

অন্যদিকে, ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিয়েছে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ ঘিরেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। মাঠের উত্তেজনার পাশাপাশি তারকাখচিত এই হাফটাইম শো বিশ্বকাপের সমাপনী আয়োজনকে আরও বর্ণাঢ্য করে তুলবে বলে আশা করছেন আয়োজকরা।