• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

দুই মিনি সিরিজে সামিরা খান মাহি, আসছে ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  দীর্ঘ ধারাবাহিকে খুব একটা নিয়মিত দেখা যায় না জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিকে। সর্বশেষ সাজ্জাদ সুমন পরিচালিত দীপ্ত টিভির ধারাবাহিক ‘খুশবু’র শুরুর দিকের কয়েকটি পর্বে স্বল্প সময়ের জন্য অভিনয় করেছিলেন তিনি। এবার অবশ্য একসঙ্গে দুটি মিনি সিরিজে অভিনয় করে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ নামের নতুন দুই মিনি সিরিজ খুব শিগগিরই জনপ্রিয় ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালায় মুক্তি পাবে বলে জানা গেছে।

পারিবারিক গল্পের প্রেক্ষাপটে নির্মিত ‘কর্মফল’ সিরিজটি পরিচালনা করেছেন মহিন খান। এতে সামিরা খান মাহির পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠুসহ আরও কয়েকজন গুণী শিল্পী।

অন্যদিকে ‘মায়ার সংসার’ নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। চলতি বছরের শুরুতে তাঁর পরিচালিত ‘চেনা অচেনা’ মিনি সিরিজটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। তবে ‘মায়ার সংসার’-এ মাহির সহশিল্পী হিসেবে কারা থাকছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

নতুন দুই কাজ নিয়ে উচ্ছ্বসিত সামিরা খান মাহি। অভিনেত্রী জানান, দুটি সিরিজই মূলত পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত। এর মধ্যে একটি নারীপ্রধান গল্প এবং অন্যটি আদ্যোপান্ত পারিবারিক নাট্যধর্মী আয়োজন। পরিবারের আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং বাস্তব জীবনের নানা দিক গল্প দুটিতে তুলে ধরা হয়েছে।

মাহির প্রত্যাশা, গুণী অভিনয়শিল্পীদের সমন্বয়ে নির্মিত এই সিরিজ দুটি প্রকাশের পর দর্শকদের ভালো লাগবে।

এদিকে, এই দুই মিনি সিরিজের পাশাপাশি আজ জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে মাহি অভিনীত নতুন একক নাটক ‘কথা দিলাম’। ইমরাউল রাফাত পরিচালিত ভালোবাসার গল্পের নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আরশ খান। এর আগে আরশ খান ও সামিরা খান মাহিকে একসঙ্গে ‘ভেতরে আসতে দাও’ নাটকেও দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে মিডিয়ায় নিজের কাজের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছেন সামিরা খান মাহি। অভিনেত্রীর ভাষ্য, নিজের পাশাপাশি পরিবারকে আরও বেশি সময় দেওয়ার জন্যই সচেতনভাবে কাজ কমিয়েছেন তিনি।

তবে কাজের ক্ষেত্রে বিরতি না নিয়ে বেছে বেছে ভালো গল্প ও চরিত্রে অভিনয় করতে চান মাহি। নতুন দুই মিনি সিরিজ ও একক নাটকের মাধ্যমে সেই ধারাবাহিকতাতেই আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।