• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

মেসির জাদুতে মুগ্ধ শোবিজ, উচ্ছ্বাসে ভাসলেন দেশের তারকারা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: অস্ট্রিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনাকে গুরুত্বপূর্ণ জয় উপহার দিয়েছেন লিওনেল মেসি। তার জোড়া গোলে দলটি নকআউট পর্বের পথে বড় এক ধাপ এগিয়ে যাওয়ার পর দেশের শোবিজ অঙ্গনেও শুরু হয়েছে উচ্ছ্বাসের বন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও নির্মাতারা।

সংগীতশিল্পী কনা আর্জেন্টিনার জার্সি পরে একটি ছবি প্রকাশ করে দলের জয় উদযাপন করেন। নিজের পোস্টে তিনি লিখেছেন, ‘ইয়েস, আর্জেন্টিনা ভামোস।’ ছবিতে টেলিভিশনের পর্দায় চলমান ম্যাচের দৃশ্যও দেখা যায়, যা তার ফুটবলপ্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী মেসির নতুন রেকর্ডের প্রশংসা করে তাকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত অভিনেতা শরিফুল রাজও মেসির কৃতিত্বের প্রশংসা করতে ভোলেননি। তিনি মাঠে উদযাপনরত মেসির একটি ছবি শেয়ার করে লেখেন, ১৮ গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্যিই এক অসাধারণ অর্জন।

নির্মাতা আশফাক নিপুনও মেসির দুর্দান্ত ফর্ম নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, একসময় পুরো টুর্নামেন্টে ৫ গোল করলেই সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে এগিয়ে থাকা যেত, অথচ মেসি এবার প্রথম দুই ম্যাচেই ৫ গোল করে ফেলেছেন। তার ভাষায়, এটি যেন ফুটবলের এক ‘জমিদারী’ প্রদর্শন।

চিত্রনায়িকা পূর্ণিমা আর্জেন্টিনার জার্সি পরে কেক কাটার একটি ছবি প্রকাশ করে জানান, মেসির প্রতি ভালোবাসা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক হয়েছেন। একইভাবে অভিনেত্রী জাকিয়া বারী মম মেসির সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করে দলের জয়ের শুভেচ্ছা জানান।

এদিকে অভিনেত্রী কেয়া পায়েলও আর্জেন্টিনার জার্সি পরা নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘মেসি, তুমি মনটা কেড়ে নিলা।’ পাশাপাশি ভক্তদের কাছেও জানতে চেয়েছেন তাদের অনুভূতির কথা।

মেসির অনবদ্য নৈপুণ্যে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। আর সেই জয়ের আনন্দে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও যেন একসঙ্গে উদযাপনে মেতেছেন।