আনন্দ বিনোদন ডেস্ক: দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীঘেরা উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরে। জেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে উপজীব্য করে শতবর্ষ প্রাচীন দালাল বাজার জমিদারের স্মৃতিবহনকারী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে নান্দনিক মঞ্চ।
এবারের অনুষ্ঠানে রয়েছে দুটি বিশেষ গান। একটি গানে কণ্ঠ দিয়েছেন লক্ষ্মীপুরের শিল্পী তানজিনা রুমা ও ফেনীর সাজিয়া সুলতানা পুতুল। এছাড়া জেলা পরিচিতিমূলক নৃত্যগীতে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা। দর্শকপর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অভিনয় করেছেন লক্ষ্মীপুরের কৃতী অভিনেত্রী দিলারা জামান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার। পাশাপাশি লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য, সয়াবিন চাষ, একটি অনুপ্রেরণাদায়ক প্রাথমিক বিদ্যালয় এবং নদীর সঙ্গে জীবনসংগ্রামে লিপ্ত এক মাঝিকে নিয়ে একাধিক তথ্যবহুল ও মানবিক প্রতিবেদনও প্রচার করা হবে।
বিদেশি পর্বে থাকছে বিশ্বের অন্যতম বিখ্যাত উপকূলীয় সড়ক গ্রেট ওশান রোড নিয়ে প্রতিবেদন। এছাড়া কাশেম টিভির রিপোর্টার ও নাতির মজার আলাপ, চিঠিপত্র, তৈল টিভি, মুখোশের অন্তরালে, ইউটিউব ফিভার, ডিজিটাল চিকিৎসা, বিয়ে যন্ত্রণা, সবাই ডাক্তার, খাঁটি সোনা ও নকল সোনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ভিত্তিক নাট্যাংশও থাকছে এবারের আয়োজনে।
বরাবরের মতো অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ফাগুন অডিও ভিশন নির্মিত ‘ইত্যাদি’র এই বিশেষ পর্বটি আগামী ৩১ জুলাই, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।
আপনার মতামত লিখুন :