• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার, জানালেন জীবনের অজানা গল্প


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে এবার দেখা যাবে একেবারে নতুন আঙ্গিকে। দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দেওয়া এই গুণী শিল্পী প্রথমবার অংশ নিয়েছেন একটি পডকাস্ট অনুষ্ঠানে।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামের এই বিশেষ পর্বটি আগামীকাল মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে।

অনুষ্ঠানটির সঞ্চালক রুম্মান রশীদ খান জানান, পডকাস্টটির এক বছর পূর্তি উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ফেরদৌসী মজুমদারকে। অনুষ্ঠানে তিনি তুলে ধরেছেন নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি, সংগ্রাম এবং অজানা অভিজ্ঞতার কথা।

পডকাস্টে ফেরদৌসী মজুমদার জানান, ১৯৬৫ সালে বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক শহীদ মুনীর চৌধুরীর রচিত ‘একতলা দোতলা’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার টেলিভিশন যাত্রা শুরু হয়। সেই নাটকে তার সহশিল্পী ছিলেন রামেন্দু মজুমদার।

স্মৃতিচারণ করে তিনি বলেন, সে সময় নাটকটি সরাসরি সম্প্রচার হওয়ায় প্রায় এক মাস ধরে মহড়া করতে হয়েছিল। তার মতে, ভালো অভিনয় কিংবা যে কোনো সৃজনশীল কাজের জন্য প্রস্তুতি ও মহড়ার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও উঠে এসেছে তার জীবনের কিছু চমকপ্রদ অজানা তথ্য। ফেরদৌসী মজুমদার জানান, একসময় তিনি উপমহাদেশের কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের একটি সিনেমায় অভিনয়ের সুযোগ এবং বাংলাদেশের কালজয়ী চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ি’-তেও অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

অভিনয়জীবনের দীর্ঘ পথচলা, ব্যক্তিগত স্মৃতি, সিদ্ধান্ত এবং অভিজ্ঞতার নানা দিক নিয়ে সাজানো এই বিশেষ পর্বটি দর্শকদের জন্য হতে যাচ্ছে এক ব্যতিক্রমী আয়োজন।