• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

মৃত্যুর গুজবে ক্ষুব্ধ রুনা লায়লা, বললেন ‘আমি ছিলাম, আমি আছি, আমি থাকব


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর মেয়ে তানি লায়লা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’ এমন শিরোনামে এআই-নির্ভর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর তানি স্পষ্ট জানিয়েছেন, তাঁর মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন।

তানি লায়লা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, সামান্য অর্থ উপার্জনের আশায় এ ধরনের ভুয়া খবর, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। তিনি জানান, এসব কনটেন্টের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে রিপোর্ট করা শুরু করবেন এবং রুনা লায়লার অনুসারীদেরও সংশ্লিষ্ট অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন।

মায়ের সুস্থতার কথা জানিয়ে তানি লেখেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি।’ একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে তা যাচাই করার অনুরোধ জানিয়েছেন তিনি।

মায়ের দীর্ঘ সংগীতজীবনের কথাও তুলে ধরেছেন তানি। তাঁর ভাষ্য, রুনা লায়লা জীবনের ছয়টি দশক সংগীতের জন্য উৎসর্গ করেছেন। এরপরও তাঁকে নিয়ে এ ধরনের মিথ্যা ও অসম্মানজনক তথ্য ছড়িয়ে পড়ায় তিনি গভীরভাবে ক্ষুব্ধ ও হতাশ।

এদিকে নিজের মৃত্যুর গুজব নিয়ে মুখ খুলেছেন রুনা লায়লাও। তিনি জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। এ ধরনের মিথ্যা খবরকে তিনি গুরুত্ব না দিয়ে এড়িয়ে চলেন বলেও জানান।

রুনা লায়লা বলেন, ‘আমি সুস্থ আছি। খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ মনে হয় খুব আনন্দ পায় এই ধরনের বাজে এবং মিথ্যা খবর ছড়াতে। ওদের ভিউজ অনেক বেড়ে যায়। গুজব ছড়ালেও ভক্ত-শ্রোতাদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, ‘আমি এইসব বাজে খবরকে ইগনোর করি। আমার ভক্ত-শ্রোতাদের আমি জানাচ্ছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, ইনশাআল্লাহ।’

এটি রুনা লায়লাকে ঘিরে প্রথম মৃত্যুগুজব নয়। এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিল। চলতি বছরের মে মাসেও একই ধরনের গুজবের শিকার হয়েছিলেন তিনি।

এদিকে ৭০ পেরিয়েও সংগীতে সক্রিয় রয়েছেন রুনা লায়লা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। ফলে তাঁকে ঘিরে ছড়িয়ে পড়া নতুন এই মৃত্যুর গুজব নিয়ে ভক্তদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছিল। পরিবারের পক্ষ থেকে সত্যতা নিশ্চিত করার পর সেই উদ্বেগের অবসান হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-নির্ভর ভুয়া কনটেন্টের বিস্তার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে জনপ্রিয় ব্যক্তিদের মৃত্যু বা অসুস্থতার মতো স্পর্শকাতর বিষয়কে কেন্দ্র করে তৈরি কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। এ ঘটনায় রুনা লায়লার পরিবারও তথ্য যাচাই করে সংবাদ ও কনটেন্ট প্রচারের ওপর গুরুত্ব দিয়েছে।