আনন্দ বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনকে এবার দেখা যাবে নতুন এক ভূমিকায়। অভিনয়ের পাশাপাশি তিনি এবার সঞ্চালকের দায়িত্ব পালন করবেন জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে। ‘ক্রাইম পেট্রোল–ক্রাইম কা কারেন্ট সিজন’ আগামী ৩১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সনি লিভে দেখা যাবে।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিজনে দেশজুড়ে আলোচিত ও চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধের ঘটনা তুলে ধরা হবে। অজয় দেবগনের দৃঢ় উপস্থিতি ও কণ্ঠে এসব ঘটনার বিভিন্ন দিক দর্শকদের সামনে তুলে ধরা হবে।
সম্প্রতি প্রকাশিত অনুষ্ঠানের প্রচারণামূলক ভিডিওতেও অজয় দেবগনকে দেখা গেছে। সেখানে তিনি দর্শকদের ভয় না পেয়ে চারপাশের মানুষ ও পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দর্শকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমি আপনাদের সঙ্গে থাকব।’
‘ক্রাইম পেট্রোল’-এর সঙ্গে যুক্ত হওয়াকে নিজের জন্য একটি দায়িত্ব হিসেবেই দেখছেন অজয়। তাঁর মতে, দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটি শুধু অপরাধের ঘটনা তুলে ধরেনি, পাশাপাশি মানুষকে বিভিন্ন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতনও করেছে।
বিশেষ করে পরিচিত মানুষ ও যাদের আমরা বিশ্বাস করি, তাদের ব্যাপারেও সচেতন থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অজয় বলেন, বাস্তব জীবনে অনেক সময় বিপদ খুব কাছ থেকেই আসে। তাই আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা জরুরি।
নতুন সিজন প্রসঙ্গে অজয় দেবগন জানান, এবার এমন কিছু ঘটনা দর্শকদের সামনে তুলে ধরা হবে, যেগুলো পুরো দেশকে নাড়া দিয়েছে। এসব ঘটনা দর্শকদের আতঙ্কিত করার জন্য নয়; বরং কঠিন পরিস্থিতিতে কীভাবে সতর্ক থাকা যায় এবং সম্ভাব্য বিপদ এড়িয়ে চলা যায়, সে বিষয়ে সচেতনতা তৈরিই হবে অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য।
অজয়ের দৃঢ় কণ্ঠ ও পর্দায় তাঁর পরিচিত ব্যক্তিত্ব ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিনেতা হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার পর এবার সঞ্চালকের ভূমিকায় তাঁকে কীভাবে গ্রহণ করেন দর্শক, সেটিই এখন দেখার বিষয়।
‘ক্রাইম পেট্রোল–ক্রাইম কা কারেন্ট সিজন’ আগামী ৩১ আগস্ট থেকে প্রতি সোমবার রাত ১০টা ৩০ মিনিটে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সনি লিভে প্রচারিত হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :