আনন্দ বিনোদন ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের কাছে ২-১ গোলের হারে সেলেসাওদের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর হতাশ হয়েছেন কোটি কোটি সমর্থকের মতো বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাও।
তাদের মধ্যে অভিনেতা জিয়াউল হক পলাশের আবেগের কেন্দ্রবিন্দু ছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র।
ব্রাজিলের বিদায়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতীকী ছবি প্রকাশ করেন পলাশ। ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা অশ্রুসিক্ত নেইমার মাঠ ছেড়ে হেঁটে যাচ্ছেন। তার পেছনে পড়ে রয়েছে একটি রাজমুকুট। ছবির নিচে লেখা— “Thank You”।
ছবিটির ক্যাপশনে পলাশ লেখেন, “একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!”
এরপর আরও একটি পোস্টে তিনি লেখেন, “সারাজীবন আনন্দ দেওয়া মানুষগুলোকে শেষ দৃশ্যে কেন যে এভাবে কাঁদতে হয়।”
পলাশের এই পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্ত-অনুরাগীরা মন্তব্যে নেইমারের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। অনেকেই ব্রাজিলের বিদায় এবং নেইমারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে নিজেদের হতাশার কথাও প্রকাশ করেন।
শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের পর ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেয়। ম্যাচ শেষে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নেইমারের ইঙ্গিতপূর্ণ বক্তব্যও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই আবেগঘন মুহূর্তেই পলাশের এই শ্রদ্ধাঞ্জলি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষভাবে নজর কাড়ে।
আপনার মতামত লিখুন :