নতুন গানে সাবিনা ইয়াসমিন, তরুণ সুরকার জীবন ওয়াসিফের সুরে দ্বৈত কণ্ঠ
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন বয়সজনিত নানা শারীরিক সমস্যার মধ্যেও সংগীতচর্চা থামিয়ে রাখেননি। সুস্থতা অনুভব করলেই তিনি নতুন সৃষ্টির সঙ্গে নিজেকে যুক্ত করেন। সেই ধারাবাহিকতায় এবারও তিনি ভক্ত-শ্রোতাদের জন্য একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন।
গত শনিবার রাজধানীর একটি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির শিরোনাম এখনো চূড়ান্ত না হলেও এর কথা লিখেছেন জমাদ্দার সবুজ। সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন তরুণ সুরকার জীবন ওয়াসিফ। গানটিতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সালমান রাজ।
নতুন গানটি নিয়ে এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন জানান, নতুন প্রজন্মের শিল্পী ও সুরকারদের সঙ্গে কাজ করতে তিনি সবসময় আগ্রহী। গানটির কথা ও সুর তাঁর ভালো লেগেছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জীবন ওয়াসিফের সুরসৃষ্টির প্রশংসা করে ভবিষ্যতে তাঁর সঙ্গে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করেন এই বরেণ্য শিল্পী। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া সাবিনা ইয়াসমিন আজও নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে সমানতালে কাজ করে যাচ্ছেন। বয়স ও শারীরিক সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে সংগীতের প্রতি তাঁর নিবেদন এখনও অনুপ্রেরণা জোগায় দেশের সংগীতাঙ্গনে।
আপনার মতামত লিখুন :