নিজস্ব প্রতিবেদক : জাতীয় দৈনিক সময়ের আওয়াজ-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও অভিনেতা মোহাম্মদ মাহবুব উদ্দিন। গত ১ জুলাই ২০২৬ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব পালন শুরু করেন।
প্রায় তিন দশকের সাংবাদিকতা জীবনে মোহাম্মদ মাহবুব উদ্দিন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি সাপ্তাহিক মিরপুর বার্তা, সাপ্তাহিক সারাজাহান, পাক্ষিক আনন্দ বিনোদন, সাপ্তাহিক চিত্র জগৎ, দৈনিক বাংলাদেশের আলো, দৈনিক আজকের কাগজ, দৈনিক আমার সময় এবং দৈনিক বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি অভিনয় জগতেও রয়েছে তাঁর সক্রিয় উপস্থিতি। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ, খণ্ডনাটক, ধারাবাহিক নাটক ও বিজ্ঞাপনে তিনি ‘মাহবুব দাদাভাই’ এবং ‘মাহবুব উদ্দিন সাজ’ নামে পরিচিত। তিনি বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘের স্থায়ী সদস্য। এছাড়া মানবাধিকার ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে দৈনিক সময়ের আওয়াজ-এর সম্পাদক মো. সোহাগ বলেন, “মোহাম্মদ মাহবুব উদ্দিন একজন অভিজ্ঞ, দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক। তাঁর দীর্ঘ কর্মঅভিজ্ঞতা, পেশাদারিত্ব এবং নেতৃত্ব পত্রিকাটিকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি। তাঁর নতুন দায়িত্ব পালনে আন্তরিক শুভকামনা জানাই।”
পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক এস. এ. এম. সুমন বলেন, “মোহাম্মদ মাহবুব উদ্দিনের দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা এবং বস্তুনিষ্ঠ সংবাদচর্চা সময়ের আওয়াজ-এর জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। তাঁর নেতৃত্বে পত্রিকাটি পাঠকদের আস্থা আরও দৃঢ় করতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস।”
সংশ্লিষ্টদের প্রত্যাশা, মোহাম্মদ মাহবুব উদ্দিনের অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও নেতৃত্বে দৈনিক সময়ের আওয়াজ ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে এবং পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে নিজের অবস্থান আরও শক্তিশালী করবে।
আপনার মতামত লিখুন :