আনন্দ বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। সম্প্রতি তিনি ‘ফিরে আসার গল্প’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে যুক্ত হয়েছেন। ওয়েব কনটেন্টে প্রত্যাবর্তনের পর এটিই তার টেলিভিশন ধারাবাহিকে প্রথম কাজ।
এর আগে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ অ্যান্থলজি সিরিজের ‘বেসুরা’ পর্বে অভিনয়ের মাধ্যমে দীর্ঘ বিরতি ভেঙে ক্যামেরার সামনে ফেরেন শিমু। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম ওয়েব কনটেন্ট। সেই সময় তিনি জানিয়েছিলেন, গল্প ও চরিত্রে বৈচিত্র্য থাকলে এবং চরিত্রটি নিজের সঙ্গে মানানসই হলে নিয়মিত অভিনয়ে ফেরার আগ্রহ রয়েছে।
একসময় একক নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও সমান জনপ্রিয় ছিলেন সুমাইয়া শিমু। তার অভিনীত ‘ললিতা’, ‘হাউজফুল’ ও ‘এফএনএফ’-সহ একাধিক ধারাবাহিক দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে দীর্ঘ সময় পর আবারও ছোট পর্দার পরিচিত পরিবেশে ফিরছেন এই অভিনেত্রী। তার এই প্রত্যাবর্তন নিয়ে দর্শক ও ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
আপনার মতামত লিখুন :