আনন্দ বিনোদন ডেস্ক: গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন জেমস। সময়ের পরিক্রমায় সেই তরুণই হয়ে উঠেছেন বাংলাদেশের রক সংগীতের অন্যতম জনপ্রিয় মুখ, ভক্তদের প্রিয় ‘গুরু’। কয়েক দশক ধরে মঞ্চ মাতিয়ে চলা এই শিল্পী এখনো সংগীতকে নিজের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা হিসেবে দেখেন।
প্রায় দুই মাসের ইউরোপ সফরে থাকা জেমস ইতোমধ্যে পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালির বিভিন্ন আয়োজনে গান গেয়েছেন। সফরের শেষ দিকে সুইডেনে অবস্থান করছেন তিনি। ৫ সেপ্টেম্বর সুইডেনে তার ইউরোপ সফরের শেষ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সুইডেনের প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত কনসার্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলনে জেমস তার দীর্ঘ সংগীতজীবন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেন। সেখানে উঠে আসে প্রজন্মের পর প্রজন্ম তার গান শোনার বিষয়টিও।
আশির দশকের শুরুর দিকে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতজীবন শুরু করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর নিজের স্বতন্ত্র কণ্ঠ, গায়কী ও মঞ্চ পরিবেশনার মাধ্যমে তিনি বাংলা রক সংগীতে তৈরি করেন আলাদা এক অবস্থান।
প্রজন্মের পরিবর্তন প্রসঙ্গে জেমস বলেন, মঞ্চে দাঁড়ালে তার মনে হয়, দর্শকরা যেন আগের সেই শ্রোতারাই রয়েছেন। সময়ের সঙ্গে যে প্রজন্ম বদলে গেছে, সেটি তিনি সেভাবে খেয়াল করেননি। এখন উপলব্ধি করেন, একাধিক প্রজন্মকে গান শোনানোর সুযোগ হয়েছে তার।
জেমসের কাছে সংগীত কোনো প্রাপ্তির মাধ্যম নয়; বরং ভালোবাসা ও প্যাশনের জায়গা। নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশেও তার পরামর্শ, কোনো কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে সংগীতে আসা উচিত নয়। নিজের আনন্দ, ভালোবাসা ও প্রশান্তির জন্য গান করতে হবে।
তার ভাষায়, কোনো কিছু অর্জনের আশায় সংগীত করা অর্থহীন। সংগীত করতে হবে একেবারে প্যাশন ও নেশা থেকে। কোনো প্রাপ্তি না এলেও তিনি গান করে যেতেন বলেও জানান এই শিল্পী।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও খুব বেশি হিসাব-নিকাশ নেই জেমসের। তার কাছে সংগীতই শেষ পর্যন্ত পথচলার সঙ্গী। তিনি জানিয়েছেন, জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চান।
জেমসের সবচেয়ে আবেগঘন কথাগুলোর একটি ছিল শ্রোতা প্রসঙ্গে। তিনি বলেন, শেষ পর্যন্ত যদি মাত্র একজন দর্শকও সামনে থাকেন, তবুও তার জন্য গান গেয়ে যাবেন। অর্থাৎ শ্রোতার সংখ্যা নয়, গান গাওয়ার ভালোবাসাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এদিকে ইউরোপ সফর শেষ করেই অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রস্তুতি রয়েছে জেমসের। আগামী ১২ সেপ্টেম্বর সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘জেমস অ্যান্ড ফসিলস লাইভ ইন সিডনি’। সেখানে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলসের রূপম ইসলামের সঙ্গে একই মঞ্চে গান করবেন জেমস।
বাংলা রকের দুই প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পীর এই যৌথ পরিবেশনা ঘিরে ইতোমধ্যে প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘ সংগীতজীবনের পথচলায় জেমসের এই ব্যস্ততা যেন আরও একবার প্রমাণ করছে গান তার কাছে শুধু পেশা নয়, জীবনযাপনেরই অন্য নাম।
আপনার মতামত লিখুন :