• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

কেবিসির সঞ্চালনায় মাধুরী দীক্ষিত, মরাঠি সংস্করণে নতুন ইতিহাস


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: তুমুল জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) নাম শুনলেই দর্শকের চোখের সামনে ভেসে ওঠে অমিতাভ বচ্চনের চেহারা। দীর্ঘদিন ধরে তাঁর অনবদ্য সঞ্চালনায় দর্শকদের বিনোদন দিয়ে আসছে অনুষ্ঠানটি। তবে এবার কেবিসির মঞ্চে যুক্ত হচ্ছে নতুন এক চমক। সঞ্চালকের ভূমিকায় দর্শককে নতুন রূপে চমকে দিতে আসছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

তবে হিন্দি কেবিসির সঞ্চালকের আসনে বসছেন না মাধুরী। জনপ্রিয় এই অভিনেত্রীকে দেখা যাবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মরাঠি সংস্করণে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে এসেছে।

মরাঠি কেবিসিতে এর আগে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলের মতো পরিচিত তারকারা সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। এবার মাধুরী দীক্ষিতের আগমন এই সংস্করণে নতুন মাত্রা যোগ করছে। কারণ, মরাঠি কেবিসির ইতিহাসে তিনিই প্রথম নারী সঞ্চালক হতে যাচ্ছেন।

নিজের নতুন দায়িত্বের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মাধুরী নিজেই। নতুন অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানিয়েছেন, জীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনে তৈরি এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। নতুন উদ্যমে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বিচারকের ভূমিকায় মাধুরী দীক্ষিতকে আগেও দেখা গেছে। তবে পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম তাঁকে দেখা যাবে। ফলে নতুন এই ভূমিকায় প্রিয় তারকাকে দেখার জন্য ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

মাধুরীর কেবিসির সঞ্চালক হওয়ার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনেকেই তাঁর নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, মরাঠি কেবিসির ইতিহাসে মাধুরী দীক্ষিত প্রথম নারী সঞ্চালক হলেও কেবিসির আঞ্চলিক সংস্করণে তিনিই প্রথম নারী সঞ্চালক নন। এর আগে তামিল ভাষার ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সংস্করণে সঞ্চালকের দায়িত্ব পালন করেছিলেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার।

অমিতাভ বচ্চনের সঙ্গে কেবিসির দীর্ঘদিনের পরিচিতি থাকলেও আঞ্চলিক সংস্করণে মাধুরীর মতো জনপ্রিয় একজন অভিনেত্রীর সঞ্চালক হিসেবে অভিষেক অনুষ্ঠানটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।