আনন্দ বিনোদন ডেস্ক: মহানগর’ ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসানের পথে। জনপ্রিয় এই ওয়েব সিরিজের তৃতীয় কিস্তি ‘মহানগর ৩’ নিয়ে নতুন করে কাজ শুরু করেছেন নির্মাতা আশফাক নিপুণ। নিজের জন্মদিনে দেওয়া এক ভিডিওবার্তায় চিত্রনাট্য শেষ করার কথা জানিয়ে দর্শকদের সামনে নতুন কিস্তির প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন আশফাক নিপুণ। সেখানে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। ভিডিওর শেষদিকে হঠাৎ বলেন, ‘যাই হোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’
নিপুণের এই বক্তব্যের পর দর্শকদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—কোন স্ক্রিপ্ট নিয়ে এত ব্যস্ত তিনি? তবে সেই রহস্যও বেশিক্ষণ রাখেননি নির্মাতা। ভিডিওর শেষদিকে নিজের কণ্ঠে ‘মহানগর’-এর পরিচিত ইন্ট্রো মিউজিক গেয়ে শোনান তিনি। এতেই দর্শকদের কাছে বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়ে যায়—‘মহানগর ৩’-এর চিত্রনাট্য নিয়েই এগোচ্ছেন নিপুণ। পরে এক দর্শকের প্রশ্নের জবাবেও ‘ইয়েস’ বলে বিষয়টি আরও জোরালো করেন তিনি।
২০২১ সালে মুক্তি পায় ‘মহানগর’-এর প্রথম কিস্তি। গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের কারণে অল্প সময়েই সিরিজটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। দুই বছর পর ২০২৩ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি। দ্বিতীয় সিজনের শেষেও তৃতীয় অধ্যায়ের সম্ভাবনার ইঙ্গিত থাকায় তখন থেকেই পরবর্তী কিস্তির অপেক্ষায় ছিলেন দর্শকেরা।
তবে দ্বিতীয় সিজনের পর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও ‘মহানগর ৩’-এর কাজ এগোয়নি। এর মধ্যে বাজেট ও প্রযোজনা-সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পটি থমকে থাকার খবরও প্রকাশিত হয়। ফলে একসময় সিরিজটির তৃতীয় কিস্তি আদৌ নির্মিত হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
প্রথম দুই কিস্তিতে পুলিশ কর্মকর্তা ওসি হারুন চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা পান মোশাররফ করিম। নতুন কিস্তিতেও তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দ্বিতীয় সিজনের শেষদিকে রাজাব আলী চরিত্রে দেখা দেওয়া পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও তৃতীয় কিস্তির গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আলোচনা রয়েছে। অনির্বাণ নিজেও চলতি বছরের মে মাসে জানিয়েছিলেন, তিনি ‘মহানগর ৩’-এ কাজ করার অপেক্ষায় আছেন।
তবে নতুন কিস্তিতে কারা থাকছেন, গল্প কোন দিকে এগোবে, শুটিং কবে শুরু হবে কিংবা সিরিজটি কবে মুক্তি পাবে—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে ‘মহানগর ৩’-এর গল্প ও চরিত্র নিয়ে রহস্য আপাতত অটুটই থাকছে।
জন্মদিনে চিত্রনাট্যের কাজ এগিয়ে নেওয়ার বার্তা দিয়ে আশফাক নিপুণ অবশ্য দীর্ঘদিনের অপেক্ষায় থাকা দর্শকদের নতুন আশার আলো দেখিয়েছেন। এখন দর্শকদের অপেক্ষা—কবে ক্যামেরা চালু হবে, আর কবে আবার পর্দায় ফিরবে বহুল আলোচিত ওসি হারুনের নতুন গল্প।
আপনার মতামত লিখুন :