• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

সাদের গল্পে সিনেমা নির্মাণ করবেন রায়হান রাফী, আসছে ‘আইজ’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  বাংলা চলচ্চিত্রে নতুন এক সহযোগিতার সূচনা হতে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের গল্পে এবার সিনেমা নির্মাণ করবেন বাণিজ্যিকভাবে সফল পরিচালক রায়হান রাফী। নতুন এই চলচ্চিত্রের নাম রাখা হয়েছে ‘আইজ’। সিনেমাটি প্রযোজনা করছেন তানভীর হোসেন।

রায়হান রাফী জানিয়েছেন, ‘আইজ’ ইতোমধ্যেই যৌথ প্রযোজনার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কো-প্রো অ্যাকসেস ল্যাবে স্থান পেয়েছে। তার বিশ্বাস, শিল্পধর্মী ও বাণিজ্যিক চলচ্চিত্রের মধ্যে দীর্ঘদিন ধরে যে কৃত্রিম বিভাজন তৈরি হয়েছে, এই সিনেমা সেই সীমারেখা ভাঙার একটি প্রয়াস হবে। তিনি মনে করেন, একটি চলচ্চিত্র একই সঙ্গে চিন্তাশীল, আবেগঘন এবং দর্শকনন্দিত হতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রাফী লেখেন, ‘আইজ’ তার কাছে একটি বিশেষ প্রজেক্ট। কারণ, এই সিনেমায় তিনি, আবদুল্লাহ মোহাম্মাদ সাদ এবং প্রযোজক তানভীর হোসেন—তিনজনই ভিন্নধর্মী চলচ্চিত্র ভাবনা নিয়ে একসঙ্গে কাজ করছেন। তাদের ভিন্ন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিই এই প্রকল্পকে আরও আকর্ষণীয় করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।

রাফীর ভাষ্য অনুযায়ী, সাদ তার গল্পে মানুষের মনস্তত্ত্ব, নৈতিক দ্বন্দ্ব ও নীরব অনুভূতিকে গভীরভাবে তুলে ধরেন। অন্যদিকে প্রযোজক তানভীর হোসেন তার পরিকল্পনা ও দূরদর্শিতার মাধ্যমে পুরো উদ্যোগকে বাস্তবায়নের পথে এগিয়ে নিচ্ছেন। আর পরিচালক হিসেবে তিনি সিনেমার গতি, আবেগ, উপস্থাপনা এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরির দিকটি দেখবেন। এই তিন শক্তির সমন্বয়ে ‘আইজ’ নিজস্ব চলচ্চিত্রভাষা তৈরি করতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বর্তমানে রায়হান রাফী একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে তিনি ‘আন্ধার’ সিনেমার কাজ শেষ করেছেন এবং শিগগিরই ‘সুড়ঙ্গ ২’-এর শুটিং শুরু করবেন। অন্যদিকে ‘রেহানা মরিয়ম নূর’-এর পর নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ‘অ্যানি’ নামে একটি মিনি সিরিজ নিয়ে দর্শকের সামনে আসছেন। সম্প্রতি সিরিজটির প্রিমিয়ার জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই এর আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা আসবে বলে জানা গেছে।