আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে প্রদর্শিত হচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত তিনটি আলোচিত সিনেমা। ‘রকস্টার’, ‘তাণ্ডব’ এবং ‘বরবাদ’ এই তিন চলচ্চিত্র নিয়ে বর্তমানে দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে।
চলতি ঈদুল আজহায় মুক্তি পাওয়া আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ এখনও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে। সংগীতজগতের একজন তারকার জীবন, সংগ্রাম, ভালোবাসা এবং ব্যক্তিগত টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন সাবিলা নূর, রাফিয়াথ রশিদ মিথিলা, সুনিধি, তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী।
এদিকে ১৯ জুন থেকে শুরু হওয়া ‘সামার বাংলা হিট ফেস্ট’-এর অংশ হিসেবে পুনরায় বড় পর্দায় ফিরেছে দর্শকপ্রিয় দুটি সিনেমা ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন ইধিকা পাল। অন্যদিকে রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’-এ শাকিব খানের সঙ্গে দেখা গেছে জয়া আহসান ও সাবিলা নূরকে।
সিনেমাপ্রেমীদের জন্য এই বিশেষ আয়োজনে আরও প্রদর্শিত হচ্ছে ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর কারণে সিনেমাগুলোও দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। ফলে এক ছাদের নিচে একাধিক আলোচিত বাংলা চলচ্চিত্র উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শকরা।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ জানান, গ্রীষ্মকালীন ছুটিতে দর্শকদের জন্য মানসম্মত বিনোদনের ব্যবস্থা করতেই এই আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের তিনটি সিনেমার একযোগে প্রদর্শনী দর্শকদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করেছে। বাংলা চলচ্চিত্রের সাম্প্রতিক সাফল্যের ধারাকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :