আনন্দ বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আজিজুল হাকিম অভিনয়ের মাধ্যমে কোটি দর্শকের ভালোবাসা অর্জন করলেও অনেকেই জানেন না, একসময় তিনি মাঠ কাঁপানো ফুটবলার ছিলেন। অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার আগে তিনি ঢাকার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে ফার্স্ট ডিভিশন ফুটবল খেলেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, স্কুলজীবন থেকেই ফুটবলের প্রতি তার গভীর অনুরাগ তৈরি হয়। বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে নিয়মিত অংশ নেওয়ার মধ্য দিয়ে খেলাটির প্রতি ভালোবাসা আরও বাড়তে থাকে। বিশেষ করে শিক্ষকদের উৎসাহ ও সহযোগিতা তাকে ফুটবলে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
আজিজুল হাকিম বলেন, তার বাবা ফুটবলকে খুব ভালোবাসতেন এবং ছেলেকে বড় ফুটবলার হিসেবে দেখতে চাইতেন। ফুটবল খেলার প্রয়োজনীয় সরঞ্জাম থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা তিনি বাবার কাছ থেকেই পেয়েছেন। বাবার স্বপ্ন ছিল একদিন তিনি জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন।
কলেজজীবনে ঢাকার তিতুমীর কলেজে ভর্তি হওয়ার পরও ফুটবল থেকে দূরে সরে যাননি তিনি। বরং কলেজ দলের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের দক্ষতা আরও শাণিত করেন। সে সময় তার সহপাঠীদের মধ্যে ছিলেন চলচ্চিত্র অভিনেতা রুবেলসহ আরও কয়েকজন পরিচিত ক্রীড়াবিদ।
পরবর্তীতে পরিবারের পরিচিত এক ক্রীড়া সংগঠকের মাধ্যমে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত হন আজিজুল হাকিম। ক্লাবের হয়ে তিনি কয়েক বছর ফার্স্ট ডিভিশন ফুটবল খেলেছেন। ফরোয়ার্ড পজিশনে খেলা এই অভিনেতা ওয়ারী, রহমতগঞ্জ, বিজিএমসি ও ব্রাদার্স ইউনিয়নের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নেমেছেন।
তিনি স্মৃতিচারণ করে বলেন, সে সময় ঢাকা স্টেডিয়ামের গ্যালারি দর্শকে পরিপূর্ণ থাকত। আবাহনী ও মোহামেডানের ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। দেশের কিংবদন্তি ফুটবলারদের খেলা কাছ থেকে দেখার সুযোগও পেয়েছেন তিনি।
১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন আজিজুল হাকিম। বর্তমানে অভিনয়ে ব্যস্ত থাকলেও ফুটবলের প্রতি তার ভালোবাসা এখনও অটুট। তিনি জানান, তার ছেলেও ফুটবল খেলতে আগ্রহী এবং একজন ভালো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন পূরণে তিনি সবসময় ছেলেকে উৎসাহ ও সমর্থন দিয়ে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :