আনন্দ বিনোদন ডেস্ক: চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলে নেওয়া অভিনয়শিল্পীদের জন্য নতুন কিছু নয়। এবার তেমনই এক প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রথমবার চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটির চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানোর পাশাপাশি অভিনয়ের প্রস্তুতিও নিচ্ছেন এই অভিনেত্রী।
মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া ঐশীর চলচ্চিত্রে অভিষেক হয় ‘মিশন এক্সট্রিম’ সিনেমার মাধ্যমে। এরপর ‘নূর’সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের সামনে নিজেকে তুলে ধরেন তিনি। এবার তাঁর অভিনয়জীবনে নতুন সংযোজন ‘সোলজার’। সিনেমাটির অধিকাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের কাজ শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।
সিনেমাটির শুটিং ও নিজের প্রস্তুতি প্রসঙ্গে ঐশী বলেন, ‘অনেকটা শুটিং হয়ে গেছে। কিছু অংশ বাকি আছে। শিগগিরই আবার শুটিং শুরু হবে। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছি। ওজনও বাড়াতে হচ্ছে।’
‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন ঐশী। এর আগে তাঁদের মধ্যে ব্যক্তিগত পরিচয় ছিল না। প্রথম দিন শুটিং সেটে গিয়েই সরাসরি ক্যামেরার সামনে শাকিব খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা হয় তাঁর।
প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়ে ঐশী বলেন, ‘এর আগে শাকিব ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ছিল না। প্রথম দিন সেটে গিয়ে দেখি, তিনি “সোলজার” লুকে প্রস্তুত হয়ে ক্যামেরার সামনে। এরপর সরাসরি শুটিং করি।’
সহশিল্পী হিসেবে শাকিব খানের সহযোগিতা ও পরামর্শ পাওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন ঐশী। তাঁর ভাষ্য, শুটিংয়ের পর শাকিব খান তাঁর সঙ্গে কাজ নিয়ে আলোচনা করেছেন এবং অভিনয় আরও ভালো করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তাঁর কাছ থেকে নতুন অনেক কিছু শেখার সুযোগ হয়েছে বলেও জানান এই অভিনেত্রী।
এখন পর্যন্ত শাকিব খানের সঙ্গে প্রায় ১০ দিন শুটিং করেছেন ঐশী। এই অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘তিনি খুব পেশাদার এবং সিনেমা নিয়ে ভীষণ মনোযোগী। সেটে থাকলে সব সময় সিনেমা নিয়েই ভাবেন। অভিজ্ঞতাটা ভালো।’
‘সোলজার’ সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন ঐশী। তাঁর মতে, শাকিব খানের বিশাল দর্শকগোষ্ঠী এবং পরিচালকের কাজের ধরন সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা তৈরি করেছে। পাশাপাশি নিজের চরিত্রেও অভিনয়ের সুযোগ রয়েছে বলে মনে করছেন তিনি।
সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে ঐশী বলেন, ‘প্রত্যাশা তো আছেই। শাকিব খান দেশের বড় তারকা, তাঁর অনেক দর্শক। পরিচালকও ভালোভাবে কাজ করছেন। আমার চরিত্রেও অভিনয়ের সুযোগ আছে। আশা করছি, দর্শকের ভালো লাগবে। এ সিনেমাটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।’
অভিনয়ের প্রতি ঐশীর আগ্রহের শুরু ছোটবেলা থেকেই। শৈশবে নিয়মিত সিনেমা দেখতেন তিনি। পর্দায় অভিনেত্রীদের অভিনয় দেখে নিজের মধ্যেও অভিনয়ের স্বপ্ন তৈরি হয়। পরবর্তী সময়ে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে সেই স্বপ্ন আরও দৃঢ় হয়। এরপর মডেলিং থেকে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি।
নিজের অভিনয়জীবনে বৈচিত্র্য আনতে চান ঐশী। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় না করে চ্যালেঞ্জিং ও ভিন্নধর্মী চরিত্রে কাজ করার আগ্রহ রয়েছে তাঁর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চ্যালেঞ্জিং ও বৈচিত্র্যময় চরিত্র করতে চাই। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে চাই না। এমন কাজ করতে চাই, যা দেখে দর্শক চরিত্রটি নিয়ে ভাববেন।’
কাজের ব্যস্ততার বাইরে নিজের ও পরিবারের জন্যও সময় রাখেন এই অভিনেত্রী। অবসর সময়ের বেশির ভাগই কাটে বাসায়। সিনেমা দেখা ও বই পড়া তাঁর অন্যতম শখ। বর্তমানে তিনি পড়ছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘মেঘ বলেছে যাব যাব’ বইটি।
চরিত্রের প্রয়োজনে শারীরিক পরিবর্তন, নতুন সহশিল্পীর কাছ থেকে শেখা এবং বৈচিত্র্যময় অভিনয়ের আকাঙ্ক্ষা—সব মিলিয়ে ‘সোলজার’ সিনেমাকে ঘিরে নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমাটির বাকি শুটিং শেষ হলে পর্দায় তাঁর নতুন চরিত্র দেখার অপেক্ষায় থাকবেন দর্শকেরা।
আপনার মতামত লিখুন :