মা হতে চলেছেন মৌসুমী হামিদ, প্রথমবার প্রকাশ্যে এলেন স্বামীর সঙ্গে
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ জীবনের নতুন অধ্যায়ের সুখবর ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। শুক্রবার রাজধানীর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, শিগগিরই মা হতে চলেছেন। একইসঙ্গে প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন তার স্বামী আবদুল ওয়াদুদকে এবং নিশ্চিত করেন, এটি তার দ্বিতীয় বিয়ে।
অনুষ্ঠানে মৌসুমী হামিদ বলেন, মা হওয়ার সংবাদটি তিনি নিজেই সবার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন। এ কারণেই স্বামীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তিনি জানান, ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশের আশঙ্কায় এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। তার মতে, এভাবেই সঠিকভাবে সবাই তার জীবনের নতুন সুখবর জানতে পারবে।
নিজের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অভিনেত্রী বলেন, তিনি এবং তার অনাগত সন্তান দুজনই সুস্থ আছেন। জীবনের নতুন এই অনুভূতি তাকে আনন্দিত করছে। এ সময় তিনি সবার কাছে নিজের এবং সন্তানের জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানেই জানা যায়, আবদুল ওয়াদুদের সঙ্গে এটি মৌসুমী হামিদের দ্বিতীয় বিয়ে। তবে বিয়ের সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। শুধু জানান, তাদের বিয়ে বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে এবং এখন তারা নতুন অতিথিকে ঘিরেই ভবিষ্যতের পরিকল্পনা করছেন।
স্বামীর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, তারা প্রায় ১৪ বছরের পুরোনো বন্ধু। দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া এবং নানা বিষয়ে মিল থাকায় তারা একসঙ্গে জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেন। নতুন এই জীবনের জন্য তিনি সবার আন্তরিক দোয়া ও শুভকামনা কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :