• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। পরিচালক কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছিল। সেই চলচ্চিত্রের গল্পকে আরও এগিয়ে নিয়ে নির্মিত হয়েছে এর সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। প্রথম সিনেমায় অভিনয় করেছিলেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসান। তাদের অভিনয় বিশেষভাবে দর্শকদের নজর কাড়ে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, প্রথম পর্বের ঘটনার প্রায় দুই বছর পরের সময়কে কেন্দ্র করে নতুন গল্পের সূচনা হয়েছে। একটি বিয়ের অনুষ্ঠানে আবারও মুখোমুখি হন সুমন, শুভ্রা ও মেঘনা। তাদের জীবনের অজানা কিছু অধ্যায় এবার সামনে আসবে। একই সঙ্গে মেঘনার মেয়ে টিকলিকে ঘিরে নতুন সংকট তৈরি হবে, যা গল্পকে ভিন্ন মাত্রা দেবে।

সিনেমাটিতে আগের তিন প্রধান চরিত্রের পাশাপাশি নতুনভাবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, সম্পর্ক, আবেগ ও পারিবারিক জটিলতার নতুন দিকগুলোই এই চলচ্চিত্রের মূল আকর্ষণ হবে।

নতুন সিনেমা প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও হৃদয়স্পর্শী একটি গল্প। সেই গল্পের ধারাবাহিকতায় নির্মিত সিক্যুয়েলের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। প্রথম সিনেমাটি দর্শক যেভাবে গ্রহণ করেছিলেন, সেটি আমাদের জন্য বড় প্রাপ্তি। এবার দর্শকদের প্রত্যাশা পূরণের পাশাপাশি আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি।’

আগের সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়েও দর্শকদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতা ও অভিনয়শিল্পীরা আশা করছেন, নতুন এই চলচ্চিত্রটিও দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।