আনন্দ বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়, পপি নাকি বলেছেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’ তবে এমন বক্তব্য তিনি চলচ্চিত্রকে উদ্দেশ্য করে দেননি বলে স্পষ্ট জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।
একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পপি বলেন, তিনি কখনোই চলচ্চিত্রকে পাপের জায়গা হিসেবে দেখেননি। বরং তাঁর কাছে ফিল্ম জীবনের সবচেয়ে সম্মানজনক ও পবিত্র জায়গাগুলোর একটি। চলচ্চিত্র তাঁর পেশা এবং এই ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করে পরিবার চালিয়েছেন বলেও জানান তিনি।
ক্ষোভ প্রকাশ করে পপি বলেন, ‘ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এই ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?’
অভিনেত্রীর দাবি, পরিবারের প্রতি ক্ষোভ থেকে ব্যক্তিগত একটি প্রসঙ্গে বলা কিছু কথাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, জীবনে কিছু মানুষের জন্য নিজের স্বার্থের কথা না ভেবে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার প্রসঙ্গেই ‘পাপ’ শব্দটি ব্যবহার করেছিলেন। পরে সেই বক্তব্য ভিন্ন অর্থে প্রচার করা হয়।
পপি আরও বলেন, একজন শিল্পী দীর্ঘ সময়ের শ্রম, ত্যাগ ও অভিজ্ঞতার মধ্য দিয়ে তৈরি হন। প্রায় তিন দশকের অভিনয়জীবনে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন তিনি। তাই অভিনয় থেকে দূরে থাকলেও তাঁর দীর্ঘ ক্যারিয়ার ও অর্জনের প্রতি সম্মান দেখানো উচিত বলে মনে করেন এই অভিনেত্রী।
তিনি বলেন, ‘ফিল্মে আমার দীর্ঘ সময়ের ক্যারিয়ার। সেই জায়গা থেকে এতটুকু সম্মান পেতে পারি না? আমি এখন ফিল্মে কাজ করি না, ঠিক আছে—তার মানে আমাকে নিয়ে যা তা বলা ঠিক হবে না।’
অভিনয়ে দীর্ঘ বিরতি প্রসঙ্গে পপি জানান, বর্তমানে তিনি স্বামী ও সন্তানকে নিয়ে পারিবারিক জীবনেই বেশি সময় দিচ্ছেন। ধর্মীয় জীবনযাপনেও মনোযোগী হয়েছেন তিনি। সাম্প্রতিক বক্তব্যে নিয়মিত নামাজ-রোজা পালনের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।
অভিনয়ে ফেরার সম্ভাবনা আপাতত কম হলেও ভবিষ্যতে প্রযোজনার সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ রয়েছে পপির। একই সঙ্গে ভক্ত ও সহকর্মীদের প্রতি তাঁর আহ্বান—কোনো বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট যাচাই না করে বিশ্বাস কিংবা প্রচার না করা।
সবশেষে চলচ্চিত্রের মানুষদের প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানিয়ে পপি বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত ফিল্মের মানুষদের নিয়ে আমার মুখ থেকে একটি বাজে শব্দও বের হবে না।’
দীর্ঘদিন পর পপির এই বক্তব্যের মাধ্যমে একটি বিষয়ই স্পষ্ট—অভিনয় থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের সঙ্গে তাঁর আবেগ ও সম্পর্ক এখনো অটুট।
আপনার মতামত লিখুন :