আনন্দ বিনোদন ডেস্ক: বৈশাখী টিভির দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’ তিন বছরের সফল যাত্রা শেষে ৪০০তম পর্বের মাইলফলক স্পর্শ করেছে। ২০২৭ সালের নভেম্বরে প্রচার শুরু হওয়া এই ধারাবাহিকের বিশেষ ৪০০তম পর্ব আজ প্রচারিত হবে।
আল হাজেন পরিচালিত নাটকটির গল্প গড়ে উঠেছে গ্রামের মেধাবী তরুণ হাবুকে কেন্দ্র করে। স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাওয়া হাবু সেখানে নিজের মেধার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ের সব রেকর্ড ভেঙে প্রথম স্থান অর্জন করে। পড়াশোনার পুরো সময়জুড়ে তার পাশে থাকে বাংলাদেশি সহপাঠী মারজান, যিনি নানা প্রতিকূলতায় হাবুকে সহযোগিতা করেন।
উচ্চশিক্ষা শেষে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব পেলেও হাবু দেশের প্রতি দায়িত্ববোধ থেকে সেই সুযোগ ফিরিয়ে দিয়ে বাংলাদেশে ফিরে আসে। এরপর থেকেই গল্পে নতুন মোড় আসে। চেয়ারম্যান দোলন চাপার নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে হাবু হয়ে ওঠে প্রতিবাদী এক তরুণের প্রতীক।
নাট্যকার টিপু আলম মিলনের গল্পে চিত্রনাট্য লিখেছেন আহসান আলমগীর। তার ভাষ্য, ‘হাবুর স্কলারশিপ’ এখন সমাজের সব শ্রেণির দর্শকের কাছে জনপ্রিয়। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও নাটকটির প্রতিটি পর্ব নিয়মিত লাখো দর্শক দেখছেন, যা এর জনপ্রিয়তার প্রমাণ।
নাটকের নাম ভূমিকায় অভিনয় করছেন রাশেদ সীমান্ত। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন, অহনা রহমান, নীলা ইসলাম, শফিক খান দিলু, বিনয় ভদ্র, ফাতেমা হীরা, হায়দার আলী, সাইকা আহমেদ ও নেহা মনিসহ আরও অনেকে।
‘হাবুর স্কলারশিপ’ ধারাবাহিক নাটকটি প্রতি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হচ্ছে। ৪০০তম পর্ব উপলক্ষে দর্শকদের জন্য থাকছে গল্পের নতুন মোড় ও বিশেষ কিছু চমক।
আপনার মতামত লিখুন :