• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

ফ্যাশন দুনিয়ায় নতুন স্বপ্ন বুনছেন আযান চৌধুরী


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 ইং
ছবির ক্যাপশন: আনন্দ বিনোদন ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  মডেলিং, অভিনয় ও ফ্যাশন ডিজাইন সৃজনশীলতার তিনটি ভিন্ন মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তোলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তরুণ মডেল ও ফ্যাশন ডিজাইনার আযান চৌধুরী। মিডিয়ায় নিজের অবস্থান শক্ত করার পাশাপাশি ফ্যাশন ডিজাইনে নতুন সম্ভাবনা তৈরি করতে নিরলস কাজ করছেন তিনি। সম্প্রতি জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের ‘সখি মন বুঝলা না’ গানের পোশাক পরিকল্পনার দায়িত্ব পালন করে নিজের সৃজনশীলতার নতুন পরিচয় দিয়েছেন এই তরুণ।

রংপুরে জন্ম ও বেড়ে ওঠা আযান চৌধুরী ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছেন।

টেলিভিশন বিজ্ঞাপন, অনলাইন বিজ্ঞাপন ও ফটোশুটের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় আযানের। শুরু থেকেই প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজস্ব স্বকীয়তা তুলে ধরার আগ্রহ ছিল তার। তবে এই পথচলা খুব একটা সহজ ছিল না। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ পেরিয়ে প্রতিটি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন তিনি।

ফ্যাশন ডিজাইনে পড়াশোনার পেছনে রয়েছে একটি আবেগঘন পারিবারিক গল্প। আযানের বড় বোনের ছোটবেলা থেকেই ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনার স্বপ্ন ছিল। কিন্তু পারিবারিক পরিস্থিতি ও সে সময় ফ্যাশন বিষয়ে পরিবারের কিছু ভুল ধারণার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। পরবর্তী সময়ে বোনের অপূর্ণ স্বপ্নকে নিজের মাধ্যমে বাস্তবায়নের অনুপ্রেরণা থেকেই ফ্যাশন ডিজাইনে পড়াশোনার সিদ্ধান্ত নেন আযান। তার কাছে ফ্যাশন মানে শুধু পোশাকের নকশা নয়; বরং সৃজনশীলতা, নিজস্ব চিন্তাভাবনা ও ব্যক্তিত্ব প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম।

সম্প্রতি তার কর্মজীবনে নতুন অভিজ্ঞতা যোগ হয়েছে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের ‘সখি মন বুঝলা না’ গানের কাজের মাধ্যমে। পরিচালক চন্দন রায় চৌধুরীর পরিচালনায় নির্মিত গানটির পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন আযান। নিজের ভাবনা ও পরিকল্পনা অনুযায়ী পোশাকের নকশা তৈরি থেকে শুরু করে সেগুলো বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। কাজটি করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ ও ভুলের মুখোমুখি হলেও সেগুলোকে শেখার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। শেষ পর্যন্ত সফলভাবে কাজটি সম্পন্ন করতে পেরে তার আত্মবিশ্বাস আরও বেড়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আযান চৌধুরী জানান, মডেলিং ও অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার অন্যতম লক্ষ্য। শুধু দেশের বিনোদন ও ফ্যাশন অঙ্গনেই নয়, আন্তর্জাতিক পরিসরেও নিজের সৃজনশীলতা ও কাজের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি।

আযানের মতে, শেখার কোনো শেষ নেই। প্রতিটি কাজই নতুন কিছু শেখার এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ তৈরি করে। এই বিশ্বাসকে সঙ্গী করেই আগামী দিনে আরও সৃজনশীল ও মানসম্মত কাজ নিয়ে দর্শক ও ফ্যাশনপ্রেমীদের সামনে হাজির হতে চান তিনি। নিজের স্বপ্নপূরণের এই যাত্রায় সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেছেন সম্ভাবনাময় এই তরুণ।