আনন্দ বিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজার নতুন গান ‘গোধূলি লগন’। গানটি প্রকাশ করা হয়েছে গীতিকার ও সুরকার সৈয়দা হেমার নিজস্ব ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে। গানটির কথা লিখেছেন সৈয়দা হেমা এবং সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন।
বাংলা গানের জগতে দীর্ঘদিন ধরে নীরবে কাজ করে যাচ্ছেন সৈয়দা হেমা। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ছিল তার গভীর আগ্রহ। ডায়েরির পাতায় জমতে থাকা কবিতা ও গানের মধ্য থেকেই শুরু হয় তার সৃজনশীল যাত্রা। পরবর্তীতে নিজের লেখা নিয়ে প্রকাশ করেন ‘কিছু কথা কিছু গান’ নামের একটি বই। ধীরে ধীরে গানের কথার পাশাপাশি সুর তৈরিতেও দক্ষতা অর্জন করেন তিনি।
২০০৭ সালে তার কথা ও সুরে প্রকাশিত হয় শিল্পী পিয়াল হাসানের একক অ্যালবাম ‘আজো কাঁদি আমি’। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন অ্যালবাম ও একক গানে যুক্ত হন তিনি। তার লেখা ও সুরে গান গেয়েছেন সুবীর নন্দী, আঁখি আলমগীর, প্রতীক হাসান, আগুন, সুমী শবনম, বাশার, বেলাল খান, নদী, এস ডি রুবেল, তসিবা, সানিয়া রমাসহ দেশের অনেক জনপ্রিয় শিল্পী।
বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করলেও বাংলা গান ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন সৈয়দা হেমা। প্রবাস জীবনেও তিনি নিয়মিত নতুন গান নিয়ে কাজ করছেন। তার ভাষায়, জীবনের নানা ব্যস্ততা থাকলেও গান কখনও তাকে ছেড়ে যায়নি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও কিছু ভালো ও স্মরণীয় গান রেখে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
‘গোধূলি লগন’ গানটি প্রকাশের আগেই সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। জনপ্রিয় শিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠ, হৃদয় হাসিনের সংগীতায়োজন এবং সৈয়দা হেমার কথায় নির্মিত এই গানটি ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আপনার মতামত লিখুন :